চীনে ভর্তিবাণিজ্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মে জিম্মি হয়ে পড়েছে রাজধানী বেইজিংয়ে অধ্যয়নরত ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধশত বাংলাদেশী শিক্ষার্থী অধ্যয়ন করছে। কিন্তু গত কয়েক মাসে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা ও অন্যায় সিদ্ধান্তের বলির পাঁঠা হতে হয়েছে অনেক বাঙালি শিক্ষার্থীকে। অনেক অর্থ খরচ করে অনেক স্বপ্ন আর আশা নিয়ে অভিভাবকরা রাজধানীতে অবস্থিত এই খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করালেও পরবর্তী সময়ে পড়াশোনার মান দেখে হতাশ হচ্ছেন। কর্তৃপক্ষের একগুঁয়েমি সিদ্ধান্তের জন্য অকালে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। বর্তমানে চীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঁচ শতাধিক বাংলাদেশী শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে বিএমডিসি অনুমোদিত ৪৯টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই শত শিক্ষার্থী পড়াশোনা করছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, প্রতি বছর এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর বেশধারী কিছু দালাল এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভাগের সঙ্গে অলিখিত চুক্তিতে ভর্তিবাণিজ্যে মেতে ওঠে। বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় নানাভাবে বিজ্ঞাপন দিয়ে ছাত্রছাত্রীদের আকৃষ্ট করার চেষ্টা করা হয়। পরবর্তী সময়ে বেইজিংয়ের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নেয়া হয় মোটা অঙ্কের অতিরিক্ত অর্থ। যার কোনো লিখিত প্রমাণ বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা হয় না।
অধ্যয়নরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে তাল মিলিয়ে দালাল নামক তথাকথিত শিক্ষার্থীরা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলেছে। ঠিক তেমনিভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই দালালচক্রের কাছ থেকে ভর্তিবাণিজ্যের মুনাফা লাভের আশায় দালালচক্রের যে কোনো অন্যায় সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বলে চালিয়ে দেয়। এসব কারণে বিগত মাসগুলোতে কয়েকজন বাঙালি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনৈতিক সিদ্ধান্তের শিকার হয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে হয়। সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষা মাঝপথে এসে
থমকে দাঁড়ায়।দৈনিক আমার দেশ _ ২৯শে জুলাই ২০১২
প্রতিবেদন টি ইতিমধ্যেই একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছ। বিভিন্ন দেশ এ থেকে প্রকাশিত বহু বাংলা অনলাইন পত্রিকায় আমার লেখা এই প্রতিবেদন প্রকাশ হয়েছে । ধারাবাহিক ভাবে আরও কিছু প্রতিবেদন আমি ব্লগ এ প্রকাশ করব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




