চাপ সামাল দিতে পারেনি বলেই তার দলকে বড় ব্যবধানে হারতে হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এ জন্য দর্শক-সমর্থকদের কাছে ক্ষমাও চান তিনি।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "কোয়ার্টার ফাইনালে উঠতে হলে জিততেই হবে। এই চাপ সামাল দিতে পারিনি বলেই হুড়মুড় করে ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং।"
দলের লক্ষ্যের কথা মনে করিয়ে দিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, "বিশ্বকাপ শুরুর আগে আমরা তিনটি ম্যাচ জিতেতে চেয়েছিলাম। জিতেছিও তিনটি খেলায়। তবে এর চেয়ে ভালো খেলার সামর্থ্য আমাদের আছে। সেরা খেলাটা খেলতে পারিনি বলে আমরা খুবই হতাশ।"
কাগজে-কলমে বাংলাদেশের কোয়ার্টারে ওঠার একটা 'অসম্ভব সম্ভাবনা' এখনো রয়েছে। তবে সাকিব বলেন, "আমাদের আসলে আর কোনো সম্ভাবনা নেই। কারণ নিট রান রেট খুবই কম। আশা করছি, পরের বিশ্বকাপে ভালো কিছু করতে পারবো।"
উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই সাকিবের। বলেন, "উইকেট ভালোই ছিল। আসলে আমরাই ভালো খেলতে পারিনি।"
নিজেদের ভুল খুঁজতে গিয়ে তিনি বলেন, "আমরা ভালো ব্যাট করতে পারিনি। ফিল্ডিংয়ের সময় ৩০/৪০ রানও বেশি দিয়েছি।"
নাঈম ইসলামকে দলে নেয়া প্রসঙ্গে সাকিব বলেন, "তাকে নিয়ে একটা জুয়া খেলতে চেয়েছিলাম। তবে তা কাজে লাগেনি।"
বিশ্বকাপের প্রাপ্তি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, "আমরা তিনটি খেলায় জিতেছি। ভাগ্য ভালো হলে তিন জয় নিয়েই কোয়ার্টার ফাইনাল খেলতে পারতাম।"
বোলিং মোটামুটি ভালো হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, "তবে ব্যাটিংয়ের দিকে আরো বেশি নজর দিতে হবে।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



