দুর্নীতি দমন কমিশন (এখন থেকে সংক্ষপে দুদক)নামের শাদা হাতিটিকে এক্সারসাইজ করানোর খবরে উৎফুল্ল অনেকে । খুশি হওয়ার মত খবর বটে এটা । যদিও আশাবাদীরা দুদক কতটা স্বাধীন ও শক্তিশালী হয়ে উঠতে পারে সেব্যাপারে নৈরাশ্যের ঠান্ডা পানির সতর্ক ছিঁটে দিতে কার্পন্য করেননি ।
আমি বলি দুদক শক্তিশালী হওয়ার প্রচেষ্টা যতই সাধুবাদ প্রাপ্য হোক, আখেরে এর কার্যকারীতা হবে খুব কম । শক্তি বলতে যদি আমরা ডিস্ক্রেশনারি পাওয়ার বুঝি সেরকম একক এখতিয়ারও দুর্নীতি হাইড্রার অল্প কিছু মাথাকে ঘাড়ের উপর থেকে ফেলতে পারবে । মুল দেহের উপর হাত দেওয়াটাতো সম্পুর্ণ অন্য ব্যাপার ।
সমস্যাটাকে দুই ভাবে ভাগ করে দেখি । প্রথমটিতে হচ্ছে দুর্নীতির আবহ ও উৎস এবং দ্বিতীয়টি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ । দুদক অবশ্যই দ্বিতীয়াংশে পড়বে ।
এইখানেই প্রথম ও প্রাথমিক আপত্তি । দুর্নীতি কী ? দুর্নীতি বলতে সরকারী প্রতিষ্ঠানের অনিয়ম জনিত অপরাধকে বলা হয় । দুর্নীতি কী ক্রাইম? তাহলে দুর্নীতি দমন কেন অপরাধদমনের ধারায় পড়বে না ? উত্তরটা আমরা মোটের উপর জানি । নেভার ওয়াশ ইওর ডার্টি লিনেন ইন পাবলিক--ঘরের ময়লা কাপড় বাইরে নিয়ে কাচতে নেই । ঘরের ময়লা ঘরেই পুড়িয়ে ফেলার জন্যই কমিশনের উদ্ভব ।
আশা করি আপনাদের জানা আছে ল এনফোর্সমেন্ট শুরু হয় এজাহার-তদন্ত-চার্জশিট দিয়ে । চার্জশিট দেবার পর মামলাকে চালানোর দায়িত্ব সরকারী কৌঁসুলি বা প্রসিকিউটরের, মামলা শেষ ভারডিক্ট দেবার দায় হাকিমের । অন্য কথায় চার্জ-ইন্ভেস্টিগেশন-প্রসিকিউশন-কনভিকশন হচ্ছে আইন প্রয়োগের চারটি ধাপ । ১,২ এর দখল দুদক নিয়ে নিয়েছে । সরকারের নিজের উকিল আছে, যদিও স্বাভাবিক অবস্থায় ধরা হয় প্রসিকিউটররা স্বাধীনভাবে কাজ করবেন (ধাপ্পা!) । আর হাকিমদের কোন কাজে হস্তক্ষেপ না করার লিপ সার্ভিসে তো সবাই মুখে ফেনা তুলছে । সে যাকগে, অভিযোগ ও তদন্ত ও দুটি অংশ দেখি । যেটা আসলে পুলিশের কাজ, ক্ষেত্রবিশেষে গোয়েন্দা-পুলিশের ।
না, আরো একবার ভাবি ব্যাপারটা । সোজা কথায় ব্যাপারটা দাঁড়াচ্ছে কোন ব্যাক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একমাত্র দুদকের আছে, এবং দুদকই এর প্রেক্ষিতে তদন্ত চালাতে পারে । স্বাভাবিক তদন্ত প্রক্রিয়ার (সে যত ত্রুটিপুর্ণই হোক না কেন ) বাইরে অপারেট করছে দুদক । অবাক হবার কিছু নেই দুদক নিজেই দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান ।
দুদক রিমোট কন্ট্রোলে চলে ।
কীসে আমাদের ধারনা হল যে 'বিশিষ্ট', 'প্রাজ্ঞ' 'সমাজের নামী লোকদের' হাতে দিলে দুদক আরো ভাল ভাবে চলবে ? বা দুদক 'নিজের বুদ্ধিতে' চলবে ? নির্ভয়ে, দক্ষতার সাথে সে অভিযোগ আনবে, তদন্ত করবে, ও প্রসিকিউশনকে সাহায্য করবে ?
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



