আজকাল আমার হাতের তালু বড্ড ঘেমে যায়
হাত মুছতে যথাসময়ে রুমাল খুঁজে পাই না
লেখার কাগজ ভিজে যায়, বিব্রত লাগে ।
চশমার ফ্রেমটা ঢিলে হওয়ায় নিচের দিকে তাকাতে পারি না
দেয়াল থেকে টিকটিকি লাফানোর মতো চোখ থেকে ওটা টুপ করে খসে পড়ে
অনেকে বুদ্ধি দেয় ফ্রেমটি পাল্টে নিন। আর নয়তো ফ্রেমে চেইন লাগান
অন্ততঃ যখন তখন খুলে পড়বে না।
আমি তাদেও সবিনয়ে ধন্যবাদ জানাই
যতার্থ পরামর্শ দেয়ার জন্য।
খেয়ালই করিনি আমার শার্টের বুক পকেটের সেলাই খুলে গেছে
সেদিন ঔষুধ কিনে দাম পরিশোধ করতে গিয়ে দেখি নোটগুলো
পকেটে নেই, ফাঁক গলে পড়ে গেছে।
দোকানি আমাকে ভৎসনা করে বললেন, পাবলিক !
আমার সব অপূর্ণতায় এখন তোমার অনুপস্থিতি তীব্রভাবে অনুভূত হচ্ছে।
তুমি থাকলে সব ঠিক থাকতো
ভাঁজ করা রুমাল যথাস্থানে থাকতো।
চশমার ফ্রেম অথবা সেলাই খোলা পকেট সব নিখুঁতভাবে
পরিপাটি থাকতো, আমি কিছুই টের পেতাম না।
শুভাকাংখীরা বলেন, আর একটু দৃঢ়, আত্ন প্রত্যয়ী হোন ঠিক হয়ে যাবে।
আমি বদলাতে চাই না, এভাবেই চলুক।
আমার বেখিয়ালের অট্রলিকায় বাস করতে থাকো তুমি
তোমার অস্তিত্বকে আমি এভাবেই ধরে রাখতে চাই।

সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



