যা হোক, নিজের জন্মদিন সেলিব্রেট না করাটা আমার জন্য তেমন কোন লস্ না। কিন্ত ফ্রেন্ডের জন্মদিন সেলিব্রেট না করাটা একটা বিরাট লস্। কারণ একটাই। ফ্রি ফ্রি মজার মজার খাবার মিস করা হয় আরকি।
অনেকদিন আগের একটা সেলিব্রেশনের কথা ঝাপসা মনে পড়ছে। কোন এক ফ্রেন্ড এর জন্মদিন। রাত প্রায় বারোটা, আমরা একগাদা পোলাপান ঐ ব্যাটাকে ধরে বেঁধে হলের দোকানে নিয়ে গেলাম। পারহেড একটা করে কলিজার সিংগারা আর 1.5 লিটারের আরসির কিছু বোতল কেনা হলো। আমরা জোর দাবি জানালাম, সিংগারা একটায় হবে না। পার হেড 2টা করে চাই। আর গলা ভরার জন্য কোলা, পেট ভরার জন্য সিংগারা, কিন্তু বুক ভরার জন্য সিগারেট কই? ব্যাপক চাপাচাপির পর জনতার দাবি পূরণ হলো, 2 পিস সিংগারা, গলা ভরা কোলা, সাথে বাংলা সিগারেট। ননস্মোকাররা অবশ্য সিগারেটের বদলে চকলেট দাবি করত। তাদের কপাল জুটত একপিস করে কোকোলা লজেন্স। (বলা বাহুল্য, আমার কপালে লজেন্সই জুটত)। আহা, কি ছিল সেই দিনগুলি। মাঝে মাঝে সিংগারা/কোলার বদলে হয়ে যেত চকবার। আর কাউকে যদি কোন্ অথবা মাচো খাওয়াতে রাজি করা যেত, তাহলে তো কেলা্ল ফতে।
মোটামোটি এরকমই ছিল টিপিকাল বার্থডে পার্টি। তবে এরচেয়ে বড়সড় কোন আয়োজন যে হতো না, তা নয়। কাছাকাছি যদি 2 জনের জন্মদিন পড়ত, তবে দুজন মিলে একটা সেলিব্রেশন করা ছিল কমন ঘটনা। কখনো কখনো হতো বিগ বাইটে: জাম্বো সাইজ বার্গার আর ক্লাব স্যান্ডউইচ। একবার হল এক ফ্রেন্ডের বাসায়, আন্েিটর রান্না করা মজার সব খাবার, আর মিষ্টান্ন। ইস! যা ছিল!
এরকম আয়োজনেই চলে যেত সেই দিনগুলি। নিলক্ষেতের ফটোকপি করা বইয়ের মত ধূসর দিনগুলিতে ঐ সামান্য আয়োজনটা ছিল একটুখানি রংগের ছোঁয়া।
সেই সীমিত অর্থের দিন গুলিতে সাধ্যের সীমা ভুলে যেতাম সাধ মেটানো খাবার আর সাথে হয়তো ছোট্ট কোন উপহার বিনিময়ে। আজ সামর্থ্য হয়তো অনেক, বন্ধুর জন্মদিন গুলোও ঠিকই মনে করিয়ে দেয় পিডিএ-র ক্যালেন্ডার। কিন্তু জোর করে কাউকে খাওয়াতে বলা হয় না, হয় না দেড় লিটার আরসির বোতল কিনে হাতে হাতে বোতল বদল করে খাওয়া। মাঝরাতে ঘন্টার পর ঘন্টা লেকের পাড়ে বসে আরসির বোতল আর সিগেরেটের ধোঁয়ায় আড্ডার সেই স্মৃতিগুলো আজ কুয়াশায় ঢাকা অনেক দূরের গ্রামের মতই অস্পষ্ট হয়ে গেছে আমার কাছে।
(এই লেখাটি উৎসর্গ করলাম আমার দুই বন্ধু আরাফাত আর রনিকে। আজ 30.01 তাদের দুজনেরই জন্মদিন)
বি.দ্্র.: সংযুক্ত ছবিটি নিচের লিংক থেকে নেয়া:
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


