
ভুলভাল ভাবনায় অস্থি মজ্জায় আগুন লাগে;
আগুন লাগে আবার পাকের ঘরে;
মিথেনের শিখা আর লাকড়ির দহন,
মুষড় ডাল ফুটছে ঠিক আগের মতন,
দু চামচ ঠেলে দাও অদেখা নিউরন,
উহু উহু ছন্দ ধরে বলছি বলে কি করছ এসব!!
দেখনা - কম দিয়েছ যে, বুদ্ধি মত্তার মশলা,
একটু ঠাণ্ডা পানি গরম করে এক ঘণ্টা পর
ঢেলে দাও বোধ ব্রান্ডের নিউরন শুধা;
মেক আপ হয়ে যাবে গ্যাপ।
যদিও প্রথম প্রথম একটু বিস্বাদ লাগবে;
ঠিক আছে দু চামচ রক্ত দাও গুয়ে-ভারার,
হুম হুম যদি পার ঢাল একটু নোনা ঘাম মার্কসের,
ওহহো!! কি জানি দাওনি নাহ !
এবার তাহলে মুক্তি যুদ্ধটা ঢেলে দাও,
আস্তে করে ঢেকে দাও বদ্বীপের হাড়িটা;
আহা কি করলে ঢাকনাটা ধুয়ে নাওনি যে!!
এলুমিনিয়ামের ঢাকনা যে ইয়াহিয়ার গন্ধ লাগা!!
পুরো খাবারটার এক্কেবারে বারোটা বাজাবে;
তুলে ফেল তুলে ফেল আহহা মেজে ফেল,
এবার ভালো করে সমাজ তন্ত্রের জলে ধুয়ে ফেল ঢাকনা,
চেপে দাও হাড়িতে, নিউরন আর বোধ যাতে বাষ্প না হয়।
ঠিক আছে- অপেক্ষা কর কিছুক্ষণ, এই ধর ১০ মিনিট!!
লাকড়ির উত্তাপ হালকা বাড়িয়ে নাও,
পারলে দুর্নীতির বাঁশটা ঢুকিয়ে দাও আগুনে,
অতীন্দ্রিয় ধ্যানে মত্ত হও আর একবার,
লম্বা করে দম নাও, লম্বা করে দম ছাড়,
ডং ডং ডং ১০ মিনিট হয়ে গেল যে..
এবার নামিয়ে নাও হাড়িটা,
গরম গরম পরিবেশন কর জনগণে
এক বাটি বিশুদ্ধ গণতন্ত্র।
অতঃপর...
আমি হারিয়ে যেতে চাই নিরুদ্বেগ পথে,
বাস্তু গাছ যেমন করে শ্বাস নেয় অন্ধকারে,
বোধ সব কেড়ে নিচ্ছে হাপিত্তাশের জাল,
আমার চেনা রাস্তা ঘাট অথবা নতুন পথ,
.........আজকাল আর ভাবতে ভালো লাগেনা....
কবরস্থানের গলি,১০টার সংবাদ চলছে।
২০ ভাদ্র ১৪২৫.
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



