’৭৫-এ বঙ্গবন্ধু নিহত হওয়ার পর জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে আমাদের রাজনীতিকে যথার্থ ‘ডিফিকাল্ট’ সমীকরণে উপনীত করেছিলেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের ভাঙাচোরা যা কিছু অর্জন, একে একে বিসর্জন দিয়ে তিনি বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তানে ফেরার পথ করে দিয়েছেন। আজ পর্যন্তও আমাদের অবিকশিত রাষ্ট্রীয় পরিস্থিতির জন্য জিয়াউর রহমানের প্রপঞ্চ ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ উদ্ভাবনের প্রভাব রয়েছে। এ পরিণতির জন্য আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকাও দায়ী।
জনশ্র“তি আছে আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতার আগেই ছিনতাই হয়ে যায়। আহমদ ছফা বলেছেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ পায়ে হেঁটে ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিল।’ উপরন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের ফর্মুলায় আওয়ামী লীগ বিরোধী দলের রাজনীতি গড়ে তোলেনি। সম্ভাবনা থাকলেও সিপিবি-ন্যাপ সেদিকে না হেঁটে আওয়ামী লীগের ভেতরে হাপিস হয়ে যায়। আর বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ঘটনা জাসদের উদ্ভব। যে চেতনার আলোকে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রীয় পুনর্গঠনের প্রশ্নে জাসদ রাজনীতি হলো বাংলাদেশের পরাজিত মুক্তিযোদ্ধাদের শেষ লড়াই। সবমিলিয়ে পূর্ব পাকিস্তান যাত্রার একটা উপযুক্ত পরিবেশ জিয়াউর রহমানের সামনে উপস্থিত ছিল। কিন্তু এই জিয়ার কৃতিত্ব হলো তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। হুমায়ুন আজাদ বলেছেন, জিয়া হলেন আমাদের ‘এক ঐতিহাসিক আকস্মিকতা।’ অবশ্য ‘কালুরঘাটের বেতারযন্ত্রীরা যদি অন্য কোনো মেজরকে পেতেন, তাকে দিয়েও ঘোষণা করাতেন।’ বস্তুত বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের ভূমিকা পৌরাণিক নায়ক মহিষাসুরের মতো। জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিকে বিপথগামী করেছিলেন, কিন্তু স্বাধীনতার ঘোষণার অংশীদার হিসেবেÑ দেবী দুর্গাকে একবার মা ডেকে মহিষাসুরের মতো তিনিও স্বর্গে অধিষ্ঠিত হবেন।
স্বাধীনতার ঘোষকের আজকের ‘মিথ’টি আসলে বিএনপির সৃষ্টি এবং বিএনপি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুকে খাটো করে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে গোয়েবলসীয় করে আসছে। আমাদের জাতীয় ইতিহাসে এই বিকৃতির তেমন কোনো প্রভাব হয়েছে বলে মনে হয় না। সমস্যা হলো আমাদের দেশে ইতিহাস বিকৃতি রোখা হয় ইতিহাস বিকৃতি দিয়েই। আওয়ামী লীগের উচিত ছিল স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে বিএনপির ইতিহাস বিকৃতির জট খুলে ইতিহাসের মুক্তি দেয়া। ৩ মার্চ আ স ম আবদুর রবের স্বাধীন বাংলার পতাকা উত্তোলন নিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি হয়নি আমাদের সামনে এরকম দুর্দান্ত দৃষ্টান্ত থাকার পরও আওয়ামী লীগ সেদিকে না গিয়ে বিএনপির বানানো মিথটাকেই দখলের স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। বিএনপির ইতিহাস বিকৃতি রুখতে স্বয়ং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জিয়ার কাতারে নামিয়ে এনে আওয়ামী লীগ স্বাধীনতা-পরবর্তী আওয়ামী-রাজনীতির ইনফিরিউরিটি কমপ্লেক্সের পরিচয় তুলে ধরেছে। আওয়ামী লীগের জন্যে এটা হলো ঐতিহাসিক ট্র্যাজেডি। হাজার বছর শাসক শ্রেণী থেকে বিচ্ছিন্ন বাঙালি এই প্রথম বঙ্গবন্ধুর ডাকে তার আপন ভাগ্যের নিয়ন্তা হয়েছে। তাকে আলাদা করে স্বাধীনতার ঘোষক হতে হবে কেন? হুমায়ুন আজাদ এ প্রসঙ্গে বলেছেন, ‘মুজিব যদি ধরা না দিয়ে পালিয়ে গিয়ে কোনো ভাঙা বেতারকেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করতেন, তাহলে কি তিনি মুজিব হতেন? হতেন মেজর জিয়াঃ হতেন সামান্য বিচ্ছিন্নতাবাদী।’ বস্তুত এ অভাগা জাতির জন্য প্রয়োজন ছিল বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষকের ‘মিথ’টাকেই ভেঙে দিয়ে জিয়ার অবস্থান তুলে ধরা।
আসলে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর বাংলাদেশের রাজনীতি যে দক্ষিণপন্থি কোর্টে চলে যায়, হাসিনার নেতৃত্বে নতুন আওয়ামী লীগ বাংলাদেশের সেই বিদ্যমান ডায়ানেস্টির সঙ্গে আপস করেই বিকশিত হয়েছে। তাই এই দক্ষিণ এশীয় দক্ষিণপন্থি রাজনীতির নিয়তি আওয়ামী লীগ এড়াতে পারেনি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মিথটি যেন দ্বি-জাতি তত্ত্বের মতোই মুসলিম লীগের উদ্ভাবিত এই তত্ত্বের স্বীকৃতিও কংগ্রেস দিয়েছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


