রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় বুধবার আরও ৬৬টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার গঠিত মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি। সবগুলো মামলায় সরকারি দল আওয়ামী লীগ নেতাদের। আগের দু’টি তালিকার মতো তৃতীয় এ তালিকাতেও বিরোধীদল বিএনপি’র কোন নেতাকর্মীর নাম নেই। কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মামলা সরকার প্রত্যাহার করে নেবে- এমনটি ভাবার সুযোগ নেই।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রাজনৈতিক মামলা প্রত্যাহার’ সংক্রান্ত কমিটি’র বৈঠক শেষে এডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১২টি মামলাসহ মোট ১৬২টি মামলা নিয়ে আলোচনা হয়।
পরে বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে আইন প্রতিমন্ত্রী জানান, কমিটির বৈঠকে আসা মামলাগুলোর মধ্য থেকে মোট ১৬২টি মামলা নিয়ে আলোচনা হয়েছে। ৬৬টি মঞ্জুরের সুপারিশ করে ২৫টি মামলা প্রত্যাহারের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আর পরের বৈঠকে বাকী ৭১টি মামলা নিয়ে আলোচনা করা হবে।
কামরুল ইসলাম বলেন, দণ্ডবিধির বিভিন্ন ধারার ৫৫টি আর দুদকের ১১টি সহ মোট ৬৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
সরকারি দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হলেও সহসাই বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মামলা প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে না বলে কামরুল সাফ জানিয়ে দেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা ধারাবাহিকভাবে প্রত্যাহার করা হবে। তবে বিএনপি নেতা কোকো ও তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হবে- এটা আমি মনে করি না। এটা হলে ওটা হতে হবে এমন চিন্তা-ভাবনা আমাদের মধ্যে নেই।’
তবে তিনি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদূদ আহমেদের মদ সংক্রান্ত মামলাটি প্রত্যাহারের ব্যাপারে আবেদন করা হলে তা বিবেচনার আশ্বাস দেন।
আজ যাদের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে তাদের মধ্যে রয়েছেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, ড. মহিউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ নাসিম, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লোটাস কামাল, সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি একে আজাদ চৌধুরী।
জেলা পর্যায় থেকে এ পর্যন্ত এক হাজার ৮৪২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আজকের ৬৬টি মামলা প্রত্যাহারসহ এ নিয়ে তিন দফায় মোট ১৭৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। গত ১০ জুন কমিটির প্রথম বৈঠকে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলাসহ ৬২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। এরপর ২১ জুন দ্বিতীয় বৈঠকেও ৪৬টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। আর সবগুলো মামলাই মহাজোটের নেতাকর্মীদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


