আজন্ম ২২২২২২২২২২২২২২২২২২ (ঋ)
*****
যত দুঃখ দেবে দাও, সব সহ্য করব
ভালোবেসে নিতে পারি তোমারও সবটুকু কষ্ট।
শুধু আমাকেই তলব কর।
আজীবন না হোক ; নাহয় একরত্তিই ডাকো
যেখানেই থাকি— যতদূরেই থাকি—
ঝোলাঝুলি নিয়ে সময়মতো ঠিকই পৌঁছে যাবো।
বুকের মধ্যে স্বরলিপি ছাপিয়ে আজানু ব্যাপক সন্ধ্যা ঘনালে—
চেতনায় মধ্যে একটানা গোঁয়ার বৃষ্টি নামলে—
চেনা পথে পা হারাবার চিরকালের হুলুস্থুলু ইচ্ছাটুকু হলে
শুধু এই আমাকেই তলব কর ;
যেখানেই থাকি— যেভাবেই থাকি—
দ্রুত ছুটে এসে পুনরায় কবুল করব।
কেন, তোমার সারি সারি ঘুমের অজানিত স্বপ্ন হরণ ?
কেন, তোমার এই অহেতুক ভারী ভাঙচুর রক্তক্ষরণ ?
কাছে গিয়ে, নিঃস্ব হয়ে
আমি আবারও ভালোবেসে এক এক করে
সবকিছু জানতে চাইব।
পারানি না নিয়েই তোমাকে ঠিকই পার করে দেবো।
এত এত ভালোবাসবার পরেও
তোমাকে ছেড়ে তবু অনায়াসেই দূরে থাকতে হয়।
এর চেয়ে বড় কিছু হিতব্রতী কষ্ট হয় ?
এর চেয়ে বড় আছে নাকি কিছু ভয়ের মতো ভয় ?
কারো কাছে জানা আছে কি এর সঠিক দুঃখমোচী-স্পর্ধিত উত্তর ?
এরপরেও তুমি অবলীলায় খুব বেশি আলো করে বসে থাকো অপরের ঘর।
আমি আজও তোমার মতো তোমাকে ভুলে
ছককষে হতে পারি নি ঘোরতর নিষ্ঠুর নির্দয়। *****

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



