পোষা প্রাণীর প্রতি আমার ঝোক ছোটবেলা থেকেই। আমাদের কারখানার আশেপাশে জংলা হওয়ায় অনেক বিড়াল সেখান দিয়ে ঘুরত। আমার বাবার সাথে আস্তে আস্তে কিভাবে জানি কয়েকটা খাতির করে ফেলে। বাবা চা খেতেন, মুড়ি সহযোগে। একটা বিড়াল প্রায়ই তার পায়ের কাছে এসে বসে থাকত। তিনি মাঝে মাঝে কিছু মুড়ি ছিটিয়ে দিতেন। বিড়ালটা খেত। কিন্তু কিছুদিন পর এদের চোর রুপটা বের হয়ে পড়ে। প্রায়ই জানালা গলে ঘরে ঢুকে মাছ নিয়ে যেত। রোজার দিন মা মিষ্টান্ন রান্না করে টেবিলে রেখে একটু চুলার কাছে গেছেন, ওই ফাকে এসে বাটি থেকে অর্ধেক মিষ্টান্ন হাওয়া হাওয়া। আমরা দুই ভাই বোন এরপর বিড়ালগুলোকে দেখলেই তেড়ে যেতাম। আমার বোন আরেক কাঠি সরেস। সে এক বিড়ালকে খুন্তা গরম করে লেজে ছ্যাক দিতে গিয়েছিল। বেচারা ভাগ্য ভাল বলে পালাতে পেরেছে। ধীরে ধীরে বিড়ালের অস্তিত্ত্ব কমে আসে। আশেপাশের জংলা সাফ হয়ে নতুন নতুন ফ্যাক্টরী গড়ে উঠে। বিড়াল তার উপস্থিতি কম দেখাতে থাকে। এমন সময় একদিন এক মাদী কুকুর আমাদের বাইরের সিড়ির নিচে তা কিছু বাচ্চা নিয়ে হাজির হয়। বেচারী হয়তো আর কোথাও যায়গা না পেয়ে এখানে এসেছে। আমি আর আমার ছোটবোন খুবই খুশী হই। কুকুরের বাচ্চাগুলো ছিল খুবই স্বাস্থ্যবান। ওরা মায়ের দুধ খেত আর খেলত। আমার মা খুবই নরম মনের মানুষ। উনি মুগ্ধ হয়ে গেলেন বাচ্চাগুলোর দৌড়ঝাপ দেখে। বাবা পর্যন্ত পছন্দ করে ফেললেন বাচ্চাগুলোকে। ওরা ছিল চার ভাই বোন। আমরা পারিবারিকভাবে ঠিক করলাম এই চার কুকুরছানা আমাদের বাড়ীতেই থাকবে। ওরা ইচ্ছামত খেলে। আমি আস্তে আস্তে ওদের সাথে ভাব জমিয়ে ফেললাম। তিনজন ছিল হলদে রংয়ের আর একজন ছিল কালো রংয়ের। এর মধ্যে একটা বাচ্চা কোথায় যেন হারিয়ে গেল একদিন। খুব খারাপ লাগল। মায়ের দুধ ছেড়ে, ভাই বোন ছেড়ে কে জানে কি অবস্থায় আছে বাচ্চাটা। বাকী রইল তিন। আমি একজনের নাম দিলাম মানু। মানু ছিল একটা মাদী বাচ্চা। চরম মায়াকাড়া চেহারা। চোখদুটো সবসময় ছলছল করত। কড়া হলুদ রঙ ছিল মানুর। কোন ছোপ ছিলনা গায়ে। মানু ছিল আমার প্রথম পোষা প্রাণী। ধীরে ধীরে মানুর স্বাস্থ্য খারাপ হতে থাকে। খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দূর্বল হয়ে যায়। কিছুই খায় না। এমনকি পানিও না। আমি ছানাগুলোকে নিজ হাতে খাওয়াতাম। মানু কিছুই খায় না। ধীরে ধীরে ও মারা যায়। অনেক কষ্টে ওর মৃত্যু হয়। পরে ওর মৃত্যুর কারন বের করেছিলাম। ও পলিথিন খেয়েছিল। নিজের হাতে মাটিতে পুতেছি মানুকে। ওর মৃত্যুর সময় আমি ওর পাশে ছিলাম। মুখে পানি দিয়েছিলা। বুঝতে পারছিলাম ও মারা যাচ্ছে। আমার কিছুই করার ছিল না। আমি পশু চিকিৎসক নই। পশু চিকিৎসকের কাছে ওকে নিয়ে যাবার অবস্থাও আমার নেই। আমার চোখের সামনে মানুর মৃত্যু হল। বাড়ীর সবার মন খারাপ হয়ে গেল। মানুকে বাইরে ফেলে আসে আমি গোসল করলাম। রাতে খাবার সময় আমাদের সবার মন খারাপ। বাবা বললেন, সব মায়া, সব মায়া। এই যে মায়া এর কারনেই আমাদের এত কষ্ট। সকালে ওকে ভূসমাহিত করলাম। ওর শীর্ণ দেহটা শক্ত হয়ে ছিল। আমার প্রথম পোষা মানুকে আমি প্রথমেই হারালাম।
চলবে...............
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


