
আমাদের দেশে সেরকম ঐতিহাসিক নিদর্শন কই? না নেই। পলি মাটির দেশ ধরে রাখেনা কিছুই । এদেশে ঐতিহাসিক নিদর্শন তেমন নেই; এদেশে রয়েছে মানুষ।
প্রাচীনকাল থেকেই এ দেশে রয়েছে অজস্র কৃষ্ণবর্ণ মানুষ। সেই কৃষ্ণবর্নের মানুষের মনটির গড়ন কিন্তু ভারি বিচিত্র। সেই মনের ভিতরে যে কত কত রুপকথার লেপন, বটের ঝুড়ি, বাউলের গান, নদীর পাড়, কত কত শীতের দুপুর কি বৃষ্টিরাতের স্মৃতি, তার সোঁদা গন্ধ, পাখির ডাক, নদীর ঢেউয়ের শব্দ, ঢেঁকিতে ধান ভাঙ্গার শব্দ ...
সে মনের ভাষাটি বুঝতে বুঝতে একটা জীবন কেটে গেলে যাক না।
এই মনটাই যখন উৎখাত হয়ে যায় নদী ভাঙ্গনে কিংবা লোভী মহাজনদের চক্রান্তে - যেতে থাকে শহরের পথে ...এভাবে ছিন্নভিন্ন হয়ে যায় একটা পরিবার ...তখন ... তখন ভারি কষ্ট হয়! কেননা সেই মনের ভিতরে রয়ে গেছে ভোররাতে ঢেঁকিতে ধান ভাঙ্গার শব্দ, পরিচিত নদীটার ঢেউয়ের শব্দ, টিয়ে পাখির ডাক, কার্তিকের সন্ধ্যার হিম কিংবা শ্রাবণের বৃষ্টিরাতের অন্ধকার, তার সোঁদা গন্ধ, বয়েসী বটের ঝুড়ি, বাউলের গান, সেই পরিচিত নদীটার পাড়, কত কত রুপকথার লেপন ...
সেই কৃষ্ণবর্ণ মানুষের মনটাকে তার নিজস্ব পরিবেশে চিরটাকাল বাঁচিয়ে রাখার চেষ্টায় আমাদের একটা জীবন কেটে গেলে যাক না!

এদেশের কৃষ্ণবর্ণ মানুষের একটি গানের দুটি চরণ এরকম-
দুঃখ-সুখের দুইটি ধারায় বইছে নদীর জল,
সুখে বাইব তোমার ডিঙা করিয়া কোন্ ছল।
চরণ দুটিতে ধ্রুব সত্য আছে। ভাব আছে। দর্শন আছে। শান্তনাও আছে। যেন দুঃখের আগুনে পোড়া অভিজ্ঞ মানুষ নবীন কাউকে শান্তনা দিচ্ছেন।
আরও দুটি চরণ-
তাই তো বলি ওরে ও মন
এ যে কঠিন ঠাঁই,
কোনখানে পাঠায়া দিলা মওলা মালিক শাঁই?
এখানেও ধ্রুব সত্য আছে। ভাব আছে। দর্শন আছে। বাউলের গানে যেমন হয়। বৌদ্ধদর্শন। সূফিবাদ ...মানুষকে দুঃখ দিতেই মওলা মালিক যেন এ জগৎ সৃস্টি করেছেন। মানুষের তাই অভিমান। সে অভিমানের কথা লিখেন গায়েন তার গানে। গানটির শুরুতেই তাই দুঃখ ঝরে ঝরে পড়ে। অভিমানও।
তোমারে যতন কইরা দিলাম যাহার ঠাঁই
সেই তোমারে দিল ফাঁকি চল লইয়া যাই
কান্দো কেন মন/ কান্দিয়া কান্দিয়া যাইব তোমারও জীবন
ব্যাখ্যা নিষ্প্রয়োজন।

সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



