
১. মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে গড়ে এক ইন্ডিয়ানের লাগে ৪০/৫০ হাজার রুপী। গরীব নেপালীদের লাগে ৮০ হাজার/১লাখ রুপী। (অকার্যকর রাষ্ট্র) পাকিস্তানীরাও ২ লাখ এর নীচেই আসতে পারে। আমাদের লাগে ৪ লাখের উপরে(কোম্পানীর চাকুরি নিয়ে গেলেও)। সৌদিতে ৮ লাখ থেকে ১২ লাখ! আমাদের কাছাকাছি শুনেছি ইন্ডিয়ান পাঞ্জাবীদের যারা ফ্রি ভিসা(স্পন্সরের কাছে কাজ খুঁজে নেয়ার স্বাধীনতাপ্রাপ্ত)তে আসে তাদের নাকি ১০ লাখ রুপী খরচ হয়। তবে তারা ড্রাইভিং/অপারেটরের কাজ করে যেসব চাকুরিতে বেতন অনেক বেশী।
২. সৌদি আরব আবার বাংলাদেশীদের জন্য ভিসা চালু করেছে শুনে অনেক বাংলাদেশী খুশি। আমিও খুশি। দেশের বেকারদের বিরাট অংশ দেশের বাইরে থাকাই মঙ্গল। তবে আগে মানুষ অল্প খরচে সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যে যেতে পারতো। দেড়/দু্ই বছরে টাকা উঠানো যেত। কিন্তু এখন অনেক বেশী নিচ্ছে টাকা। তারপরও বিদেশ যাওয়ার কথা শুনলেই যে লম্বা লাইন পড়ে রিক্রুটিং এজেন্সি গুলোর সামনে, ভবিষ্যতে ১৫/২০ লাখ টাকা চাইলেও এজেন্সিগুলোকে দোষ দেয়া যাবে না।
৩. দালালরা প্রথমেই যেই টোপ দেয় (অবশ্য দালালদের চেয়েও বেশী টোপ দেয় নিজের মন) সেটা হলো, বিদেশ গিয়ে কেউ বিফল হয় না। গত ৩০ বছর ধরে যেসব পরিবারের সদস্যরা বিদেশে ছিল তাদের সবার উন্নতি চোখে পড়ার মত। কিন্তু ৩০ বছর আগের আর এখনকার অবস্থা এক নয়। এখন গিয়েই যে কেউ সফল হতে পারবে তার কোন নিশ্চয়তা নেই। বরং বুমেরাং হওয়ার সম্ভাবনা বেশী।
৪. কোম্পানীর চাকুরিতে কখনোই একজন লেবার ১২০০'র উপর তুলতে পারবে না। দালালরা যতই বলুক। এখানে নেপালীরা আরো কম বেতনে চাকুরি করে। তাদের আসতে খরচ কম হয় বলে সেটা কোন ব্যপার না। কিন্তু বাংলাদেশের চৌধুরী বংশের লোকেরা ৮/১০ লাখ দিয়ে আসে বলে বেতন পেলে ইজ্জতে লাগে।
৫. যদি ফ্রি ভিসাতেও আসেন , কী কাজ করবেন? দোকানের সেলসম্যান? ৮০০-১২০০ রিয়াল। মেকানিক? ১২০০-১৫০০ রিয়াল(কাজতো জানতে হবে আগে)। ড্রাইভার? ২০০০-২৫০০ রিয়াল(আগে মধ্যপ্রাচ্যে কঠিন ড্রাইভিং লাইসেন্স বানান!)। কম্পিউটার অপারেটর? ১৫০০-২০০০ রিয়াল(তার আগে চিন্তা করেন তামিল/কেরালা বসরা আপনাকে নেয় কিনা!)।
৬. যদি কোন ব্যবসা করতে পারেন আত্মীয় স্বজনের সাহায্যে, তাহলে হয়তো আপনি ২/১ বছরে টাকা তুলে ফেলতে পারবেন। কিন্তু যারা ৮/১০ লাখ খরচ করছে তারা মূলত লেবারের কাজ করার জন্যই আসছে। আর তারা গড়ে ১০০০ রিয়াল বা ২১০০০ টাকা দেশে পাঠাতে পারবে। তাহলে বছরে ২লক্ষ ৫০ হাজার টাকা, ৪ বছর লাগবে মূল টাকা উঠাতে। এই ৪ বছরে মানসিক(একাকীত্ব, এক রুমে ৫/৬ জন), শারীরিক(গরম পরিবেশ, নিম্ণমানের খাবার) যে ক্ষতি হবে সেটা ৪০ বছরেও রিকভার করা যাবে না। তাই ভাবুন দ্বিতীয়বার...
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



