তুমি যাচ্ছো বলে
সীমানার ওপার থেকে বিষাদেরা মুচকি হেসে
বৃষ্টির মত নেমে আসে।
নির্জন জংশনে নিরবে ট্রেনেরা আসা যাওয়া করে
হুইসেলের শব্দটাকে বিদেশি হাঁসের ডাক মনে হয়।
তুমি যাচ্ছো বলে
স্বপ্নের পাখিরা ঠোঁটে বয়ে নিয়ে আসে
বেদনার গন্ধম;
আমাকে জাগিয়ে তোলে স্বর্গের প্রহরী
ছোটো খাটো এক মৃত্যুকে বুকে নিয়ে
ফিরে আসি আমি।
আমি ফিরে আসি নিশ্চিত-
পেছনে পড়ে থাকে ছড়ানো মার্বেলের মত
তোমার দীর্ঘশ্বাস, তোমার বুকের শব্দ!
ঢং...
ঢং ...
ঢং...
তোমাকে নিয়ে ফিরে যাবার ট্রেন খানি
দীর্ঘ ম্যারাথন জয়ের উদ্দেশ্যে এখনি ছেড়ে যাবে।
এখনি আমি ফুলের মত বাসি হয়ে যাব!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

