
উকিলবাবু তুমি বড় খামখেয়ালী।
এমন ভাবে আমার কাটে সারাটারাত-
তুমি শুধু মাসের চিঠি
ডাকবাক্সে
হরিৎ খামে ভরে ক্ষান্ত!
আমার বড় কষ্ট বুকে
উকিলবাবু, কবে তোমার জমবে পসার!
কবে তুমি আমায় নেবে একই ঘরে বারান্দাতে
কবে আমায় নেবে একলা!
চা পাতা খান ফুরিয়ে গেলে
গাল বিচুলী ফুলিয়ে আধেক
ময়না পাখি ঝোলা দেয়াল
ভাজা ছোলা বিকেল বেলা!
উকিলবাবু মুন্সিয়ানায় পাকা তুমি
তবে কেন তোমার প্রেমের এমন দশা!
আমি একা কষ্টে মরি
চিঠি পড়ি
একা গায়ের গন্ধ নিয়ে দিনাদিপাত।
উকিলবাবু সময় তোমার অপেক্ষাতে
অপেক্ষাতে রাখার চিঠি
আর কতবার কষ্ট দেবে!
একেকটা মাস এমন কাটুক
চিঠি আসা বদলে গিয়ে তোমাকে পাই।
এমন কি আর ঘটবে বল?
এই চিঠিটা অনেক ছোট,
তোমার চিঠি-
শুধু তোমার গোলাপ আদর
আর কিছুটা,কয়েক লাইন!
বড্ড বেশি খামখেয়ালী আমার পুরুষ--
উকিলবাবু তোমার জন্য
এ হৃদয়ে কষ্ট অধিক!
এ পাখাটায় সুতোর কারু
তোমার জন্য রাত্রী কাটায় এঁকে,বুনে!
রুমাল জুড়ে নকশা করি।
উকিল বাবু তোমার দুহাত এসব ছোঁবে
আদর নেবে গাল ঠেকাবে।
উকিলবাবু চিঠি পেলেই কান্না আসে,
কি ছাই দেখো চোখ ভরে যায়
মেঘের কুটায়।
আর কতকাল কষ্ট দেবে!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

