ইসরায়েলি রাষ্ট্রীয় গুপ্তচর সংস্থা মোসাডের ওয়েবসাইট বিকল করে দিয়েছে আন্তর্জাতিক হ্যাকারদের সংগঠন অ্যানোনিমাস। গাজায় ‘ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান ও গণহত্যার’ প্রতিবাদে তৎপর হয়েছে এই সাইবার পরাশক্তি।
শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোসাডের সাইটে ঢোকা যাচ্ছিল না।
রাশিয়ান পত্রিকা রাশিয়া টুডে এক প্রতিবেদেনে জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের প্রতিবাদে একের পর এক ইসরায়েলি সাইটের উপর আক্রমণ চালাচ্ছে অ্যানোনিমাস। ‘অপারেশন প্রোটেক্টিভ এজ’ নামে ইসরায়েলের বিরুদ্ধে অ্যানোনিমাস এই অভিযান শুরু করেছে ৭ জুলাই থেকে। আর মোসাডের সাইট হ্যাক করা হয়েছে ৩১ জুলাই।
অভিযান শুরুর পর থেকে কয়েক হাজার ইসরায়েলি সরকারি সাইট হ্যাক করার দাবি করেছে অ্যানোনিমাস। সোমবার ১৭০ জন ইসরায়েলি কর্মকর্তার ‘লগ-ইন ক্রেডেনশিয়াল’-ও ফাঁস করেছে সংগঠনটি।
ইসরায়েলের কম্পিউটার সিস্টেমের উপর আক্রমণ আরো জোরদার করতে সমর্থকদের সাহায্যও চেয়েছে সংগঠনটি। শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, “আমরা অ্যানোনিমাস সদস্য আর এলিট হ্যাকারদের ইসরায়েলের বিরুদ্ধে সাইবার যুদ্ধে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।সমষ্টিগতভাবে আমরা ইসরায়েলকে ঘৃণা করি না। কিন্তু সীমানা দখলের জন্য ইসরায়েল সরকার গাজার নিরস্ত্র মানুষের উপর যে গণহত্যা চালাচ্ছে তা আমরা ঘৃণা করি।”
২০১২ সালে ইসরায়েলের ‘পিলার অফ ডিফেন্স’ অভিযানের সময়ও ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হয়েছিল হ্যাকারদের এই সংগঠনটি। সাইবার আক্রমণে বন্ধ হয়ে গিয়েছিল কয়েক’শ ইসরায়েলি সাইট। পাশাপাশি সেবার ৫ হাজার ইসরায়েলি কর্মকর্তার তথ্য ফাঁস করে দিয়েছিল সংগঠনটি। হ্যাকড হয়েছিল ইসরায়েলের উপ-প্রধানমন্ত্রীর টুইটার এবং ফেইসবুক অ্যাকাউন্টও।
খবর: বিডিনিউজ২৪.কম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



