১৫ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪০
কেন জানি আমার লিখতে ইচ্ছা করছে ! ইচ্ছাটা ঠিক এই মুহুর্তের না, বেশ কিছুক্ষণ আগেই ইচ্ছাটা উঁকি দিয়েছে ৷ আসলে বেশ কিছু সময়... হতে পারে দিন, সপ্তাহ, মাস কিম্বা বেশ কিছু বছর ধরে লেখার ইচ্ছাটা উঁকি দিয়ে বেড়াচ্ছে, কিন্তু ঠিক সুবিধে করতে পারছে না ! আজ কেমন করে জানি সুবিধে টা করেই ফেলল ! ইচ্ছে ছিল নতুন বাংলা বছরের প্রথম দিনে সুবিধেটা করব ! কিন্তু হলোনা ৷ তাতে অবস্য ইচ্ছেটা দমেনি ..
আমি এখন আমার রুম এ; আমার বিশ্ববিদ্যালয়ের আমার হল এর আমার রুম ... একান্তই আমার ! যদিও দুজন অংশীদার আছে এই 'আমার রুম' এর তারপরও বলব এটা আমার রুম ৷ মাঝে মাঝে মনে হয় এই রুমটা, আমার নিজের বাসার, যে বাসায় আমার বাবা মা থাকেন সেই বাসার আমার রুম টার চেয়েও অনেক বেশি আমার !! আর এখন সেই আমার রুম এ আমার কম্পিউটার এ আমার চেয়ার এ বসে আমার-ই দুটো হাতের আঙ্গুল দিয়ে লিখে চলেছি আমার যা মনে আসে ! বারবার 'আমার' শব্দটা ব্যবহার করছি কারণ ঠিক এই মুহুর্তে শুধু আমার কথা ভাবতেই ভাল লাগছে আমার, যেন এ সৃষ্টি জগতে আমি ছাড়া আর কেউ নাই ৷ মাথার উপরে ফ্যানের পাখা গুলো যেন ঘুরছে শুধু আমাকেই বাতাস দেয়ার জন্য ৷ এ রাত্রির নিঃস্তব্ধতা যেন আমাকেই আমার অস্তিত্বের ঘোষণা দেওয়ার জন্য ! জানলা দিয়ে দূরে দেখতে পাওয়া চাঁদটার অর্ধেকটা যেন আমার ই খাওয়া !!!
এ জগৎটা শুধুই আমার ৷ এখানে আমিই স্রস্টা-আমিই সৃষ্টি, আমিই সমস্যা-আমিই সমাধান, আমিই দুঃখ-আমিই সুখ, আমিই ভাল-আমিই মন্দ ৷ কিন্তু এত আমির ভেতর ও কোথায় যেন নিজেকে খুঁজে পাইনা আমি ৷ আমার এই জগৎটার সবচে বড় সমস্যা আমার মনে হয় এই যে, এখানে কোন আয়না নেই ! এইযে চারিদিকে এত আমি অথচ আমি কাউকে দেখতে পাইনা, একটু আমার মুখপানে চেয়ে দুচারটে সুখ দুঃখের কথা বলব তাও পারিনা ৷ আবার এটাও ঠিক এ জগতের নিয়ম ই এই যে এখানে শুধু আমি থাকব, আমার সাথে গল্প করবার জন্যও শুধু আমি ই থাকব !
তাহলে উপায় ?! ..... এইতো, এইতো উপায়...এই যে আমি লিখছি, এইতো আমি আমার সাথে কথা বলছি ৷ যা খুশি তাই বলছি ৷ এই লেখার মধ্যে দিয়ে আমি নিজেকে দেখতেও পাচ্ছি ! এখন আর এখানে শুধু আমি নেই, যোগ হয়েছে নতুন এক 'আমি' ! এখন থেকে যখনি আমি সময় পাব, এই জগৎটাতে আসব আর 'আমার' সাথে কথা বলব ৷ আর ফাঁকতালে যারা আমার সাথে 'আমার' এই কথপোকথন চুরি করে শুনে ফেলবে তারা হবে আমার নতুন আয়না .... অদৃশ্য আয়না !!
শুভ হোক নিজেকে খুঁজে ফেরার এ যাত্রা ............ !
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৯ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


