বাইরে বৃষ্টি হচ্ছে ৷ আস্তে আস্তে না, রীতিমত দোর্দন্ড প্রতাপে ৷ বহু, বহুদিন পর এমন একটা বৃষ্টি এলো ৷ অনেকদিন ধরেই আসবো আসবো করছিলো, কিন্তু ঠিক সুবিধা করতে পারছিলনা ৷ গত দুদিন ধরেই প্রস্তুতি চলছিল মহা সমারোহে, আজ তার আনুষ্ঠানিকতা ! বৃষ্টি - নেহাতই চিরাচরিত স্বাভাবিক প্রাকৃতিক একটা ব্যপার, অথচ এই চিরাচরিত স্বাভাবিক হবার পরও এটা একটুও পুরনো নয় ৷ জগতে খুব কম জিনিস আছে যার এই গুনটা আছে !
বৃষ্টির খুব অদ্ভুত ধরনের প্রভাব মানুষের মনের উপর ৷ এমন কোন মানুষ পাওয়া যাবেনা যে জীবনে কোন এক অলস দুপুরে ঝর ঝর বৃষ্টি ধারার সাথে আনমনে হারিয়ে যায়নি অন্য কোন জগতে ! আমিও এড়াতে পারিনা এই অদ্ভুত মায়াজাল ৷
আমি এখন আমার হলে, আমার রুম এ ৷ আমাদের হলটা অনেকটা ইংরেজী E আকৃতির ! দুপাশের দুই ব্লক ৪ তলা আর মাঝেরটা ৩ তলা ৷ তাই আমরা ৪তলা বাসিরা ইচ্ছা করলেই মাঝের ৩ তলার ছাদে চলে যেতে পারি ৷ আমার রুমটা পুর্ব দিকের ব্লকে ৷ দরজা খুললেই সামনে ছাদ, উপরে আকাশ, আশে পাশে গাছপালা ৷ মাঝে মাঝেই ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে হা করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি ৷ ঘুমের ঘোর তখনও কাটেনা ৷ অন্য কোন এক জগতে থাকি কিছুক্ষণ !
যখন বৃষ্টি হয় তখনো দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, বৃষ্টি দেখি আর আবোল তাবোল ভাবি ৷ সবাই-ই কখনও না কখনও আবোল তাবোল ভাবে, কিন্তু বৃষ্টি দেখতে দেখতে আবোল তাবোল ভাবার মজাই আলাদা ! যখন খুব জোরে বৃষ্টি হয় রুমের দরজা খুলে রাখা যায়না ! বৃষ্টির ছাঁট, বাতাসের তোড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে যায় ! তখন খুব খারাপ লাগে, বৃষ্টি দেখতে পাইনা ৷ মাঝে মাঝেই দরজা খুলে কিছুক্ষণ তাকিয়ে থাকি ৷ বৃষ্টির ছাঁট এসে গায়ে লেগে কেমন একটা শিহরণ দেয় ৷
মাঝে মাঝে একটা অদ্ভুত ব্যপার হয় ৷ রুমে বসে থেকে দরজার নিচে তাকিয়ে থাকি যেখান দিয়ে বৃষ্টির পানি আস্তে আস্তে করে গড়িয়ে এগিয়ে আসে ৷ দরজার তলা আর মেঝের মাঝখানে কিছুটা ফাঁক আছে ৷ সেই ফাঁক দিয়ে খানিকটা আলোর ঝলকানি আসে ৷ কিন্ত সেই ঝলকানি বাধা পায় দরজার শেষ মাথায় জমে থাকা বৃষ্টির পানির নিরন্তর কাঁপাকাঁপিতে ৷ সেই পানির ফোঁটাগুলো এলমেলো হয়ে ছোটাছুটি করে ৷ একটা নির্দিষ্ট বিরতিতে একজন একজন করে টুপ করে পড়ে যায় নিচের জমে থাকা পানির মেলায়, একাকার হয়ে যায় তাদের সাথে, আর আস্তে আস্তে গড়িয়ে আসে আমার ই দিকে ! ওদিকে ঝুলে থাকা পানির ফোঁটাগুলোর লাফালাফিতে আলোর ঝালর গুলো যেন লুকোচুরি খেলে দরজা আর মেঝের ঐ ছোট্ট ফাঁকটুকুতে ! সেই আলো প্রতিফলিত, প্রতিসরিত হয়ে খোঁচা দেয় আমার জ্বলজ্বলে চোখে ! আস্তে আস্তে পানির ফোঁটা বাড়তে থাকে, নিচে গড়িয়ে থাকা পানির দল যেন আরো একটু বেশি যায়গা দখল করে আমার রুমের, আর এগিয়ে আসে আমার দিকে ৷ আমি অপেক্ষা করি, স্থির হয়ে ...
এই ঝিকিমিকি আলোর খেলা দেখতে দেখতে ... অপেক্ষা করি ঐ পানির ফোঁটাগুলোর যারা আস্তে আস্তে এগিয়ে আসছে আমার ই দিকে ... ওরা আসবে ... আমাকে ছুঁয়ে দেবে ... আমাকেও নিয়ে যাবে ওদের দলে ... অপেক্ষা করছি ...
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৯ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


