
আমাদের কারো কারো শিশ্ন নেই
আমাদের কারো কারো শিরদাঁড়া নেই; রুখে দাঁড়াবার
আমাদের কারো কারো পকেট নেই
কেউ কেউ জামা ছাড়া, শুধু লুঙ্গি গিঁট দিয়ে এসে দাঁড়িয়েছে;
আমাদের কারো সকালে দানাপানি পড়ে নি পেটে
কেউ কেউ বহুদিন উপবাসী নারীসঙ্গ থেকে
কেউ কেউ শুধু ক্ষোভ নিয়ে এসেছে
কেউ কেউ কোন ভুলে যাওয়া আশায়
চোখের কোনে পিচুটি ডলে কেউ হতাশার মত মুখ করে
দাঁড়িয়েছে কাতারে-
তুমি জানো এরা কারা!
এরা সেই মানুষেরা যাদের শুধু আদমশুমারিতে নাম আছে
যাদের ছবি খুব দারুণ পুরষ্কার এনে দেয়
যাদের সত্যজিৎ বেচেছে
যাদের জয়নুল বেচেছে
যাদের বেচে বড়লোক হয়েছে তোমাদের সব রাষ্ট্রপ্রধান আর তাদের পরিজনেরা
অথচ তারা তাদের বিক্রির ডাটাবেজের খবর রাখেনি কখনও
তারা শুধু জানে হয়ত এটাই নিয়ম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




