আপনাদের একটা গল্প বলি। গল্পের দুইটা অংশ।
(১ম অংশ)
রাজিব ভাইয়ের খবর টা শুনার পরপরি আমি চারুকলার দোতলা থেকে দৌড়ে নিচে নেমে আসি। কয়েক জনের সাথে ফোনে কথা বললাম। চারুকলার সামনে থেকে যাদুঘরের সামনে তথ্যকেন্দ্র পর্যন্ত কেউ তখনো খবরটা শুনেছে বলে মনে হয় নি। তথ্যকেন্দ্রে জানালাম। মিডিয়া সেলে জানালাম। এর কিছুক্ষন পর মঞ্চে ঘোষনা দেয়া হয় ব্লগার "থাবা বাবা"র মৃত্যু নিয়ে। তার দশ মিনিটের মাথায় আমি যখন চারুকলার সামনে যাই, দেখতে পাই যায়গাটা অনেক ফাকা হয়ে গেছে। আমি মন খারাপ করে ছবির হাটে বসি ইমনের দোকানে। হটাৎ দেখলাম, সেখানে আবার মারামারি লেগে গেছে। বিরাট হাউকাউ। হলের ছেলেদের সাথে গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জাম শেষ হতে না হতেই ত্রিশ চল্লিশ জনের একটা দল বেরিয়ে গেলো ছবির হাট থেকে।
একটা ছেলের দিকে চোখ পড়লো। মাথায় পতাকা বাধা সেই ছেলেটা মুখ গুজে কাদছিলো। কত হতাশা, আহা।
এমন সময় অগ্নিশিখার দিক থেকে চিৎকার চেচামেচি শুনে এগিয়ে গিয়ে দেখি সেদিকেও চলছে ঝামেলা। মারামারি করে সেখান থেকে বেরিয়ে গেলো আরেকটা দল। ততক্ষনে ছবির হাট, চারুকলার সামনে গুটিকয়েক ছেলেমেয়ে ছাড়া আর কেউ নেই। দাঙ্গা পুলিশ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কোন ঘটনার আশায়। কিংবা শুধু ভয় দেখানোর জন্যেও হতে পারে। তবে সেই ভয়ে কাজ হয়েছে। যত সব সেলিব্রেটি, মিডিয়া ব্যাক্তিত্ব, ইন্টেলেকচুয়াল মানুষজন ছিলো, সব সটকে পড়েছে। বন্ধ হয়ে গেছে চায়ের দকান গুলো।
মাথা হাটুতে গুজে একা শুধু বসে আছে সেই পতাকা বাধা ছেলেটা। ওর মনের অবস্থা বুঝতে আমার কষ্ট হয়নি। এত কষ্টের একটা আন্দোলন শেষ হয়ে যাবার ভয়টা আমিও পাই। আমিও ফিল করি।
খুব মনে হচ্ছিলো, কোথায় সবাই। এখন তো আরো বেশি করে আমাদের থাকা দরকার। আরো জোরে স্লোগান দেয়া দরকার। ইশ, কি হতো যদি কালকে প্রতিটা ব্লগার যারা এতদিন ছিলেন, কিংবা ছিলেন না, সবাই এক সাথে মাঠে নেমে আসলে। এইটুকু প্রত্যাশা কি আমাদের থাকতে পারেনা ?
আন্দোলনের টাইম কমিয়ে দেয়া, তারপর সবার মাঝে এর প্রতিক্রিয়া, ফেসবুক, রাস্তায় এর তুমুল সমালোচনা, রাজিবের হত্যাকান্ড, দাঙ্গা পুলিশ, রাস্তা ফাকা হয়ে যাওয়া, এই সব কিছুকে আর বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হয়ার কোন সুযোগ ছিলোনা।
আজকে সেই একই টাইমে আবার দেখলাম সেই ইন্টেলেকচুয়াল দের। যাদের কাওকে কাওকে দেখা গিয়েছিলো টক শো তে। দেখলাম ফটোগ্রাফার, সেলিব্রেটিদের। সবাই এসেছে আজ। চা খেয়ে গল্প করছে আন্দোলন কোন দিকে যাচ্ছে তাই নিয়ে।
শুধু দেখলাম না মাথায় পতাকা বাধা সেই ছেলেটিকে। মনে হলো, এখানেই আমরা ব্যার্থ ।
২য় অংশঃ
পতাকা মাথায় বাধা ছেলেটা বসে আছে মুখ গুজে। ছবির হাট তখন, অন্ধকার। মঞ্চের আওয়াজ কমে এসেছে। এমন সময় কোথেকে যেন স্লোগান ভেসে আসে।
জয় বাংলা। জয় বাংলা।
ছেলেটার মুখে এসে পড়ে মশালের আলো। বেশি না, মাত্র ৫ জনের একটা মিছিল। এদিক সেদিক থেকে এক জন দুজন করে সেই মিছিলে যোগ দেয়। পিঠা ওয়ালা, সিগেরেট ওলারা নিজেদের ঝাপি বন্ধ করে সেই মিছিলে অংশ নেয়। চারুকলার সব আর্টিস্ট রা বের হয়ে আসে ক্যাম্পাস থেকে। কোথেকে যেন একজন চিৎকার দিয়ে বলে উঠে,
রাজিবের রক্ত, বৃথা যেতে দেবোনা। একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। জয় বাংলা।
সব মানুষ এক হতে থাকে, বাড়তে থাকে মিছিলের প্রকোপ। আকাশে বাতাসে ধনিত হতে থাকে হুঙ্কার। জামাত, শিবির, রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়।কি বোর্ড ছেড়ে উঠে দাঁড়ায় এক তরুনী। সদ্য লেখা পোস্ট টি ড্রাফট করে উঠে দাঁড়ায় নবীন ব্লগার। ছোট্ট শিশুটি আর তার মা কে নিয়ে বেরিয়ে পড়ে অফিস ফেরত পুরুষ। চারিদিকে বাজে যুদ্ধের দামামা।
পতাকা বাধা সেই ছেলেটি উঠে দাঁড়ায়। এক ঝাটকা দখিনা বাতাস ছেলেটির ভয় আর শঙ্কাকে নিয়ে যায় দূরে, অনেক দূরে। সে আর একা না। তার সাথে আছে পুরো শাহবাগ, পুরো ঢাকা, পুরো বাংলাদেশ। দৃপ্ত কন্ঠে সে বলে উঠে,
জয় বাংলা, জয় বাংলা।
(২য় অংশটি আমার কল্পনা। একজন লেখক বা ফিল্ম মেকার হিসেবে এইটুকু কল্পনা করার স্বাধীনতা নিশ্চই আমার আছে। তবে যেই দিন আমার স্বপ্নটা দেখবে সারা বাংলাদেশের মানুষ। সেইদিন নিশ্চই আমরা নিজেদের সত্যিকারের দ্রোহী ভাবতে পারবো।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



