এর পর যে বইটা নিয়ে ঘাপলা হলো সেটার নাম হচ্ছে বলাকার মন। আশুতোষ নাকি ফাল্গুনির লেখা আজ আর মনে নেই। বেশ কিছুটা পড়ার পর আম্মা এসে বইটা নিয়ে গেল, কারণ আগেরটাই - আমার নাকি এই বই পড়ার বয়স হয় নাই। এবার আমিও মনে মনে স্বীকার করলাম আসলেই আমার এই বই পড়ার বয়স হয় নাই। কারণ গল্পের মধ্যে বিরাট একটা ঘাপলা আছে যেটা মাথায় ঢুকতেছিলো না। গল্পের কাহিনী ছিল এক পাইলট আর এক এয়ার হোষ্টেস কে নিয়ে। তাদের বিয়ে হয়েছে বছর পাচেক, কিন্তু তাদের সন্তানের বয়স হলো গিয়ে বছর দশেক। চিন্তা করেন পড়ি ক্লাস ফাইভে, বিয়ের বয়স থেকে বাচ্চার বয়স কেমনে বেশী হলো বুঝি কেমনে।
এই রহস্য ভেদ করার জন্য মনটা আকু-পাকু করতে থাকলো। কিন্তু বই তো আর পাই না। শেষে একদিন জানলাম বইটা অন্য এক আন্টির, আম্মা পড়ার পর ফেরত দিয়ে দিয়েছে। আমার আর জ্ঞানার্জন হলো না। একসময় ভূলেও গেলাম এটার কথা।
অনেক বছর পর আবার মনে পড়লো তখন ডিগ্রি পাশ করে গেছি, পরিচিত এক মেয়ের বাসায় গিয়ে পেলাম সেই বই। বইটা হাতে নিয়েই বললাম এটা আমি পড়তে নিব। মেয়ে একটু অবাক হয়ে বললো এতো বই থাকতে এটা কেন ? আমি বললাম কাহিনী আছে একটা, পরে বলবো।
তখন অবশ্য ভালমতোই জানি বিয়ের বয়স থেকে বাচ্চার বয়স বেশী হওয়াটা কোন ব্যাপার না। তারপরও আগ্রহ নিয়ে বইটা আবার পড়তে বসলাম। পড়লাম এবং জানলাম। সেই পাইলট বাচ্চাটিকে খূজে পেয়েছিল যুদ্ধের সময় এতিম অবস্থায়। নিজের তো পালতে পারবে না, সাহায্য নিল সেই এয়ার হোষ্টেস এর। আর সেখান থেকেই তাদের প্রেমের শুরু। কিচ্ছা খতম।
বইটা ফেরত দিতে গিয়ে বললাম এই কাহিনী। শুনে মেয়েটা খূব হাসলো। তারপর বললো - জানো ছোটবেলায় আমি মনে করতাম ছেলেরা হাত ধরলেই বাচ্চা হবে। তাই ছেলেদের কাছ থেকে নিরাপদ দূরে থাকতাম, যাতে গায়ের বাতাসও না লাগে।
এবার হাসার পালা আমার
চলবে ...
বই পড়া - ১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



