
আমার একটা পাপ ছিলো থেটিস
মানুষের ওপর আস্থা হারাবার পাপ
মানুষের ওপর আস্থা হারালে অবশিষ্ট আর কিছুই থাকে না
মানুষ পরিণত হয় মৃত মানুষে
নিজেকে মৃত মানুষে পরিণত করার সুনিপুণ দক্ষতায় একদিন আমি নিজেকে হত্যা করেছিলাম থেটিস
নিজেই নিজেকে হত্যা করে নরহত্যার পাপ তুলে নিয়েছিলাম কাঁধে
তোমার অর্ধ-অবিনশ্বর বীর পুত্র অ্যাকিলিস যেমন ট্রয়ের রণক্ষেত্রকে বেছে নিয়েছিলো নিজের হত্যাদৃশ্যে নিজেকে যোজিত করার জন্য
তুমি তো জানতে থেটিস নরহত্যার পরিণাম, তবু তুমি কী পেরেছিলে পুত্রকে বাঁচাতে?
তুমি জানতে ট্রয়ের যুদ্ধ টেনে নিচ্ছে তোমার প্রাণপ্রিয় পুত্রকে যেখানে প্রিয়াম-পুত্র হেক্টরকে হত্যা করবে সে
হেক্টর হত্যার পাপ অ্যাকিলিস গ্রহণ করবে আপন গর্ভে
হেক্টর আর কোনদিন ঘরে ফিরবে না থেটিস যেখানে অপেক্ষা করবে তাঁর স্ত্রী-সন্তান, বৃদ্ধ পিতার আমৃত্যু অপেক্ষার প্রলম্বিত প্রহরে নরহত্যার পাপ দৌড়ে বেড়াবে রণক্ষেত্রে
থেটিস, নরহত্যার পাপ বড় ভয়ংকর
এই পাপ যার শরীর স্পর্শ করে তাকেও হতে হয় হত্যার বলি
তোমার দুচোখের জলের সাগরে আমার তলিয়ে যাওয়া তুমি প্রত্যক্ষ করতে পারো থেটিস
নিয়তির প্রতি অকুণ্ঠ শ্রদ্ধাশীল আমি
আমি জানি আমার মৃত্যু হবে
তখন কী রাত্রি নামবে, চাঁদহীন নিষ্প্রদীপ ব্রত পালন করবে ঋষি জোনাকিরা?
পাপে দগ্ধ হতে হতে রাতদিন ভাবি আমি। বাস্পমেঘের মতো অনুজ্জ্বল বৈরাগৈ নিয়ে ছুটে যাই, ...দেখতে পাই খুলে যাচ্ছে প্রকাণ্ড জানালা: তামাকের কড়া গন্ধ, ককনি ও ব্রুহ্যামের কোলাহল ভেদ করে দৈববাণী উঠে আসে, থেমে থেমে বলে যায়- “এই দোষ আমাদেরই গর্ভে ছিল সাপ হয়ে, তক্ষক হয়ে। হে প্রিয় ব্রুটাস, পাপ কোনোদিন আকাশে থাকে না।”...১
১. ভবিষ্যত, জয়দেব বসু
ছবি: সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


