কবিতাটি পরশুরাম (রাজশেখর বসু) কর্তৃক রচিত ।
ঘাস
--- পরশুরাম (রাজশেখর বসু)
মাননীয় ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ
এবং সবাই যাঁদের এ পাড়ায় বাস,
মন দিয়া শুনুন আমার অভিভাষণ,
আজ আমাদের আলোচ্য – Eat more grass.
অর্থাৎ আরও বেশী ঘাস খান প্রতিদিন,
কারণ, ঘাসেই পুষ্টি, স্বাস্থ্য বলাধান,
দেদার ক্যালরি, প্রোটিন ও ভাইটামিন,
ঘাসেই হবে অন্নসমস্যার সমাধান ।
এই দেখুন না, হরিণ গো মহিষ ছাগ
সেরেফ ঘাস খেয়েই কেমন পরিপুষ্ট,
আবার তাদেরই গোস্ত খেয়ে বাঘ
কেমন তাগড়াই কেঁদো আর সন্তুষ্ট ।
যখন ঘাস থেকেই ছাগল ভেড়ার পাল
তথা ব্যাঘ্র শৃগালাদি জানোয়ার পয়দা,
তখন বেফায়দা কেন খান ভাত ডাল
মাছ মাংস ডিম দুধ ঘি আটা ময়দা ?
দেখুন জন্তুরা কি হিসেবী, এরা কদাপি
খাটের ওপর মশারী টাঙ্গিয়ে শোয় না
এরা কুইনাইন প্যালুড্রিন খায় না, তথাপি
এদের ম্যালেরিয়া কস্মিনকালে ছোঁয় না ।
এরা কুসংস্কারহীন খাঁটি নিউডিষ্ট,
ধুতি শাড়ি ব্লাউজ অমনি পেলেও নেয় না,
এদের দেখে শিখুন । যদি আপনারাও চান
এই অতি আরামের আদর্শ জীবনযাত্রা,
তবে আজ থেকেই উঠে পড়ে লেগে যান,
সব কমিয়ে দিয়ে বাড়ান ঘাসের মাত্রা ।।

সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



