'বন্ধ ঘরে একা একা কি করছো?'
দরজাটা ভেজানোই ছিল- ইচ্ছে করলেই
অনায়াসে ঢুকে যেতে পারি, আড়ষ্ট হাত;
অনেকক্ষণ পর সেভিং ক্রিমের ভুরভুরে ঘ্রাণ,
আফটার সেভে তোমাকে দেখার লোভ
বহুদিন বন্দী হয়ে পাখা জাপটে চলেছে;
এসময়েই আসব- জেনেছিলে আগেই?
ফিনফিনে আবেগে শূন্যেই প্রশ্ন ছুঁড়ছি;
শাড়ি'তে মোটেও অভ্যস্ত নই- জুয়েলারি
অথবা প্রসাধনীতেও বেশ জবড়জঙ্গ লাগে।
কতগুলো কাক রোদসী দৃষ্টি উপেক্ষা করে,
য্যানো আমায় শাসিয়ে গেল- এলাকা'টা
না-কি তাঁদের একচ্ছত্র আধিপত্যেই চলে।
ঠায় দাঁড়িয়ে থেকে ভাবছি, আমিও তো
কারোর অভ্যাগত নই- নামহীন সম্পর্কের কি
মানে আছে- অস্বস্তি'তে চোখ ছেয়ে গেল মেঘে;
দরজা'টা ভেজানোই ছিল- পা'দুটোই নিশ্চল।
এলোমেলো ঘর'টাও বেশ পরিপাটি সাজানো,
টেবিলের 'পরে মলাটেবন্দী রবীন্দ্ররচনাবলী;
অজান্তে ভ্যানিটিব্যাগ কাঁধ বদল করতেই
হাতে রাখা ফুলগুলোও ফিরে আসার তাগিদ
অনুভব করল- দরজা'টা তখনো ভেজানোই ছিল।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



