
স্ট্যাটাসঃ
আমি ছিলাম,হাজার জনতার সমুদ্রে,
তবু নিঃসঙ্গ এক দ্বীপ, বা নিঝুম রাতের নিয়ন প্রদীপ।
অথবা মেঠো পথে দাঁড়িয়ে থাকা শতায়ু বট!
এক রাখাল ছেলের অপেক্ষায়,
ছায়া দেব বলে ২৬৭২টি প্রহর গুনেছি।
যার আসার কথা ছিল ডিসেম্বর তোমার সাথে।
কমেন্টঃ
ডিসেম্বরঃ অপেক্ষা? তা কেমন?
আমিঃ বৃষ্টির আশায় চাতকিনী যেমন!
ডিসেম্বরঃ অসহায় অনুভব?
আমিঃ নিজেকে সহায়হীন মনে হয়নি কোনদিন।
তবে আকাঙ্ক্ষা আর অস্থিরতার মিলিত প্রভাব।
ডিসেম্বরঃ হা হা হা!মজা ত!
আমিঃ তাই? নিজের সাথে যুদ্ধ অবিরত,
আবার সন্ধি সন্ধি খেলা
ডিসেম্বরঃ আপেক্ষার বাড়ী কোথায়?
আমিঃ দুচোখে! স্বপ্নে।
ডিসেম্বরঃ স্বপ্ন?
আমিঃ হুম। ঐ যে ঐ,নিঃসঙ্গ দ্বীপে দৈনন্দিন কল্পণার সূর্যমুখী বীজ বোনা।
ডিসেম্বরঃ সূর্যমুখী ফুটেছে?
আমিঃ অদক্ষ অথবা অভাগ্যবান চাষী যে!
ডিসেম্বরঃ আহা! অংকুরেই বিনষ্ট!?
আমিঃ নাহ! তবে এক মৌন সাধনা,
যাতে ফলহীনতা স্পষ্ট!!
আমি কখনো হয়েছি অভিমানে আগ্রাসী,
কখনো কষ্টে পাথর,
বিহ্বলতায় নিথর
আবার কখনো
মায়ার বৃষ্টিতে ভিজেছে দু'চোখ, ভিজেছে হৃদয়!
সেইই রাখাল ছেলে!!
তার আসার কথা ছিল ডিসেম্বর তোমার সাথে।
ডিসেম্বরঃ আমি এসে গেছি।
আমিঃ রাখাল ছেলে এল না?
ডিসেম্বরঃ না। তবে ও আসবে।
আমিঃ কবে?
ডিসেম্বরঃ ঘড়ির কাটা ক্লান্ত হয়ে যেদিন বিশ্রামে যাবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




