এক দেশে এক হুজুর ছিল। হুজুর একসময় খুব অভাবে ছিল। পরবর্তীতে হুজুরের টাকা পয়সা হয়। ভালো খাবার দাবার খাওয়ার সামর্থ হয়। হুজুরের শরীর মোটা হয়ে যায়। অতিভোজনে শরীর মুটিয়ে যাওয়ায় তার হাটাহাটির দরকার ছিল। একদিন সে নগরীতে হাটতে বের হল। রাজদরবার এর সামনে দিয়ে যাওয়ার সময় দেখলো একটি সালিশ হচ্ছে। রাজ্যের বিচার সালিশ কেমন তা দেখার জন্যে সে দাড়ালো।
সালিশটি ছিল একটি অপমৃত্যু নিয়ে। দুই চোর চুরি করতে গিয়ে এক বাড়িতে শিঁধ কাটলো। এক চোর বাইরে দাড়িয়ে ছিল আর অন্যজন শিঁধের ভেতর ঢুকলো। শিঁধের উপরের দেয়াল ধ্বসে পড়লো। ফলে চোরটি মারা গেল। বেঁচে থাকা চোরটি এই বলে মামলা করলো যে ইট পড়ে আমার বন্ধু মারা গেছে তাই বাড়িওয়ালার ফাঁসী চাই।
রাজা বাড়ীওয়ালাকে ডেকে বললো- “আমার ন্যায়-রাজ্যে এত বড় অন্যায়! তুমি এমন বাড়ি কেন বানিয়েছ? তোমার ফাঁসীর হুকুম দিলাম।”
বাড়িওয়ালা বললো- “হুযুর আমি নির্দোষ। কাজটি করেছে রাজমিস্ত্রী। আমি এটা করিনি।”
রাজা জল্লাদকে বললো “একে ছেড়ে দাও। রাজমিস্ত্রীকে ডাকো।”
সুতরাং রাজমিস্ত্রীকে ডাকা হলো।
রাজমিস্ত্রী বললো “যোগানদার পাতলা সিমেন্ট দিছিলো যার কারনে গাঁথুনী মজবুত হয় নি। আমি নির্দোষ”
রাজা জল্লাদকে বললো “একে খাঁলাস দাও আর যোগানদারকে ডেকে ফাঁসী দাও।”
এরপর যোগানদারকে ফাঁসীর মঞ্চে আনা হলো।
যোগানদার বললো -“পানিওয়ালা বেশি পানি দিছিলো। এটা তার কাজ। আমি নির্দোষ”
পানিওয়ালা এসে বললো -“আমার দোষ নাই। সে সময় একটা হাতী আমার দিকে তেড়ে আসছিলো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাই পানি বেশি পড়ে গেছিলো।”
এরপর হাতীর মাহুতকে ফাঁসী দিতে আনা হলো।
মাহুত বললো- “ আমার কোন দোষ নেই। আমি হাতীকে পানি খাওয়াতে নদীতে নেওয়ার সময় এক মেয়ে পেছন পেছন আসছিলো, তার চুঁড়ির আঘাত কলসীতে লেগে যে শব্দ হয়েছিল তাতে হাতী রেগে গিয়েছিল।”
রাজা ওই মেয়েকে ধরে আনার হকুম দিলো। ওই মেয়ে এসে বললো “ আমি নির্দোষ, স্বর্ণকার আমাকে উলটাপালটা চুঁড়ি বানিয়ে দিছিল। তাই এতে শব্দ হচ্ছিল।”
যথারীতি স্বর্ণকারকে ধরে এনে ফাঁসীর আদেশ দেওয়া হলো।
স্বর্ণকার কাউকে দোষ দিতে পারলো না। সে তার বাপ-দাদার কাছ থেকে কাজ শিখেছে। তারা কেউ এখন বেচে নেই। তাই তার ফাঁসীর হুকুম হলো।
স্বর্ণকারকে ফাঁসীর মঞ্চে নেয়া হলো। জল্লাদ আসলো। জল্লাদ দেখে তার গলার চেয়ে দড়ির ফাঁস বড়। রাজাকে জানানো হলো।
রাজা বললো “ঠিক আছে, স্বর্ণকারকে ছেড়ে দাও। যার গলা মোটা তাকে ধরে এনে ফাঁসী দিয়ে দাও। আমার ন্যায়-রাজ্যে একটা অন্যায় হবে আর তার কোন বিচার হবে না এটা কখনো হতে পারে না।”
রাজদরবারে যত মানুষ ছিলো তাদের মধ্যে হুজুর লোকটি ছিলো সবচেয়ে নাদুস-নুদুস। অতিভোজনে হুজুরের এই অবস্থা। দেখা গেলো যে ফাঁসীর দড়ি কেবল হুজুরের গলায় লাগে। এবার তাকেই ফাঁসীর মঞ্চে আনা হলো।
হুজুর এবার আসলেই বিপদে পড়লো। সে কিছু একটা ভেবে একটা উপায় বের করলো। সে ফাঁসীর মঞ্চে আনন্দে নাচানাচি লাফালাফি করতে শুরু করলো। রাজা তো এটা দেখে অবাক। রাজা তাকে আনন্দের কারন জিজ্ঞেস করলো। পন্ডিত রাজাকে বললো “ আজকে দুনিয়াতে এক মহাজাগতিক ঘটনা ঘটবে। আজকের দিনে যার ফাঁসী হবে সে সরাসরি স্বর্গে চলে যাবে। আমি স্বর্গে যাওয়ার লোভে লাফাচ্ছি”।
রাজাও যথেষ্ট মোটা ছিলেন। ফাঁসীর দড়ি তার গলায় ভালো এডজাস্ট হবে। রাজা স্বর্গে যাওয়ার লোভে বললো “ আমার রাজ্যে আজ যদি কেউ স্বর্গে যায় সে হবে আমি। আমাকে ফাঁসীর মঞ্চে নিয়ে চল”। রাজার কথার উপর কেউ কথা বলার সাহস পেলো না।
রাজার ফাঁসী হয়ে গেল এবং হুজুরকে রাজ্যের নতুন রাজা নির্বাচিত করা হল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



