:মা জানো, রাকিবদের কুকুরটা না যা সুইট, কি আদর
চোখ পিট পিট করে তাকায়, যে দিকে নিয়ে যায় সেদিকে যায়,
টিভি দেখার সময় কোলের পাশে চুপটি করে শুয়ে থাকে,
মাঠে যখন খেলতে যায় ল্যাজ নেড়ে নেড়ে তার সাথে সাথে যায়।
বল মা আমাদের কি এমন একটা কুকুর হবে না!
:না বাবা, ওই সব কুকুরের অনেক খরচ, কিনতেও খরচ, পুশতেও খরচ
আমাদের তো এত টাকা নেই বাবা। তার চেয়ে বরং তোমায় একটা হরলিস্ক কিনে দিই।
:মা, আজকে তো হরলিস্কের সাথে খেলনা ফ্রি! কি মজা মজা!
খুশি হন মা।
:মা, জানো আজ স্কুলে সাকিব নাইকির জুতা পড়ে এসেছে। আমাকেও একবার পড়তে দিয়েছিল।
কি আরাম মা জুতাটা। সে বলেছে এই জুতা পড়ে সে প্রতিদিন ক্রিকেট খেলবে।
মা, আমাকে এইরকম জুতা কিনে দিবে? বল মা কিনে দিবে?
আমার জুতাগুলো কাপড়ের, খুব শক্ত শক্ত।
:ঠিক আছে কাল স্কুল থেকে আসার সময় আমি কিনে দিব।
বিশ্বসেরা নাইকি ব্র্যন্ড। দামও বিশ্ব মানের। মা দেখেন তাঁর সামর্থ নেই।
:না বাবা, আজ আর কিনব না। এই টাকা দিয়ে আমি তোমাকে ৫জোড়া কিনে দিতে পারব।
: মা, প্রতিদিন এতদূর হেঁটে রিক্সায় উঠতে ভাল লাগে না। অন্যরা কত আনন্দে থাকে।
স্কুল গেট থেকে রিক্সায় উঠে। আমাদের কখন গাড়ি হবে মা?
সেই গাড়িতে করে আমি তোমাকে প্রতিদিন সাগরপাড়ে ঘুড়াতে নিয়ে যাব মা।
বল মা, তুমি সাগর দেখতে পছন্দ কর না?
মায়ের চোখের কোনটা ছল ছল করে উঠল। আঁচল দিয়ে চোখ মুছলেন।
:হ্যাঁ, বাবা, করি। খুব পছন্দ করি। যেদিন তুই অনেক বড় হবি, সেদিন কিনে দিবি।
আশির্বাদ করি তুই একদিন সাগরের চেয়ে বড় হবি।
:মা, সবার তো বাবা আছে, আমার কেন নেই? সবাই কত মজা করে বাবাদের সাথে। আমার কিচ্ছু নেই।
আমরা এত গরিব কেন মা?
এত কেন'র উত্তর মা দিতে পারেন না। তাঁর একটাই সম্বল, চোখের জল।
কি বলবে সে?
:কে বলেছে তোমার বাবা নেই? এই যে তুমি তাইলে কোথা হতে এলে,
এই যে সাগর দেখছ, ওই তার শেষ পাড়, সেখানে যে তারারা থাকে সেইখানে তোমার বাবা।
এ ছাড়া সে কি আর বলবে? সে কি বলবে- সে বারাঙ্গনা ছিল, সে নর্তকি?
সে এই সমাজের উচ্ছিষ্ট?
এখনো ছিপছিপে গড়নের মধুবালা তাই চুপ করে রয়।
সে চিনেছে সাগর, সে দেখেছে সাগরের অপর তীর
বারের কোন এক উচ্ছ্বল মুহুর্তে সে তার দুকূল ছাপিয়ে দেয়।
সাগরের মাতাল ঘুর্নীঝড়কে সে প্রেম ভাবে
সারা জীবন ধরে দেখতে থাকা এইসব হাড়কাঁপানো ঝড়কে সে ঝড় বলেই জেনেছে
কিন্তু সেদিনের সে তুফান তার সবকিছু লন্ড ভন্ড করে দেয়
ধ্বংসস্তুপের মাঝে রেখে যায় অচেনা এক মুর্তি।
ঝড় থেমে গেছে, সাগরের জল মোহনা থেকে চলে গেছে গন্তব্যে
মধুবালা পৌঁছাতে পারেনা সেই ঠিকানা।
তার মধ্যবয়সী ঢলে পড়তে থাকা সুর্যের আর সে কিরণ নেই
দেহে তার নর্তকী রূপ শোভা পায় না আর
বিকোয়না সেভাবে আর কোন সুশীলের শীতল বাহুডোরে।
...সে এখন বারাঙ্গনার শিক্ষিকা।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



