
একাত্তরের কবিতা বিষয়ক
একাত্তরের কবিতা বলতে আমি কোন অলংকার বুঝিনা
নারীর শরীরের মতোন একাত্তর নয়
একাত্তরের কবিতা হবে নিখাদ ঝরঝরে,তকতকে
একাত্তরের কবিতা বলতে আমি যাদুবাস্তব বুঝিনা
কোন স্বপ্নের মতো করে একাত্তর আসেনি
একাত্তরের কবিতা হবে বাস্তবসম্মত এবং বস্তুগত
আমার কাছে,একাত্তর মানে সাদা কবিতা
এই কবিতাগুলোর সামনে দাঁড়ালে
একাত্তর দেখা যায়
আমার কাছে একাত্তর মানে মায়ের কবিতা
এই কবিতাগুলোর ভেতর,
মায়ের টোল পড়া গালে, পান খেকো হাসি ফুটে ওঠে
আমার একাত্তর তো মা'ই বটে
কোন অলংকারে একাত্তরের কবিতাকে বাঁধা যায় না
কারণ,অলংকারে অনেক সময় মানুষকে চেনা যায় না
যেনো,এটা আমার বোন নয়
বোনকে বরং বোনের রঙে ফুটে ওঠে
অনেক কবিকে দেখি--
একাত্তর লিখতে মুখোস লিখছেন
সাজুগুজুতে ভারি করতে করতে মুখোসটা
কেমন অস্পষ্ট লাগে
অনেকে,একাত্তর লিখতে অন্ধকারে ডুব দেন
ভাবেন,অন্ধকারের ভেতর থেকে রুপোলি চাঁদ
তুলে এনে পাঠককে দেবেন
অথচ,এনে দিয়েছেন ভারী শব্দের বাঁকা চাঁদ
একাত্তর, আমাদের জোসনার মতোন চেহারা
নিজেই রুপোলি চাঁদ
তাঁকে কোন অলংকারে বাঁধতে চাও?
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




