১)
এরূপ সান্ধ্য নৌকাভ্রমণের জলকোলাহলের ভিতর
দিয়ে অনির্ধারিত পৃথিবীর সবচেয়ে বিষণ্ণ চোখের মেয়েটি
পাখি হয়ে উড়ে গেলো এবং ধরতে পারা গেলো না !
আহ, এ বড় ব্যর্থতা । ঘুড়ির ডানার মত নেমে আসে
অসংখ্য প্রত্নভাষা, ব্যাখাতীত। কে সে ঘুঙুরবিভ্রমের
আড়াল থেকে ডাক দেয় নাম ধরে , সংখ্যাহীন বেদনার দিকে ।
এইসব বেদনা টেদনা ফাও, পৃথিবীর মন হু হু করে উঠলে
সকল নীরবতা মুছে আমি প্রজাপতি ডানার রঙনদীর মাঝি হয়ে গেলাম !
২) কি অদ্ভুত নাগরিক প্রেম তোমার আমার, অচেনা নদী , স্মৃতি আর অনুভুতির মধ্য দিয়ে তুমি উড়ছো নক্ষত্র থেকে নক্ষত্রে , যার কোন নাম নেই । অথবা এরকম প্রেমের হতেও পারে অনেক নাম; আশ্চর্য শতদল কিংবা চৌরাসিয়া ।
পাতাঝরা দিনে বিগত দিনের স্মৃতি জমা রেখেছি শিশিরের কাছে ! মন কেটে কেটে ছুঁয়েছি কত পাখিপাপ, বাতাসে উড়ানো সম্পর্কের অভিজ্ঞান , তির্যক ভঙ্গিমায় ফুটে উঠে বেদনার ভিতর ।
আয়নায় চোখ রেখে বলি - একি মর্মগ্রহণতা ঐ চোখে, এই যে ক্রমাগত ডুব মায়ার নদীতে , এর কি নাম - প্রেম নাকি আগুনরঙা ফুল ।
আহত হইয়ো না , সে শুধু ঘ্রান নেবে, একটুও ছুঁবে না !
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




