প্রথম আলোয় পড়লাম আজকাল অনেকে নাকি জাতীয় সংগীত পারেন না| স্কুলে প্রতিদিন এসেম্বলী তে কখনো মনোযোগ দিয়ে শুনতাম না - এসেম্বলী ভাগার তালে থাকতাম; এমনও না যে ছেলেবেলায় খুব সন্মান দেখাতাম জাতীয় সঙ্গীত কে - কিন্তু বিদেশে পাড়ি দেয়ার পরে এমন একবারও হয়নি যে জাতীয় সঙ্গীত শুনে চোখে পানি আসেনি| ভাবলাম, দেখি কতখানি মনে আছে| বসে বসে পুরো গানটা টাইপ করলাম বাংলায়| "বটের মূলে নদীর কুলে" জায়গাটুকু একটু ভুল হয় - নইলে পুরাটা মনে আছে!!
জাতীয় সঙ্গীত
ড: জাফর ইকবাল প্রথম আলোয় আমাদের জাতীয় সঙ্গীত এর পূর্ণপাঠ দিয়েছেন| আমিও আমার টাইপ করা ভার্সন দিচ্ছি এখানে:
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রানে
ওমা আমার প্রাণে বাজায় বাঁশি
সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
ওমা ফাগুনে তোর আমের বনের ঘ্রানে পাগল করে
মরি হায়, হায় রে ওমা
ফাগুনে তোর আমের বনের ঘ্রানে পাগল করে
ওমা অঘ্রানে তোর ভরা খেতে কি দেখেছি
আমি কি দেখেছি মধুর হাসি
সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
কী শোভা কি ছায়া গো, কি স্নেহ, কি মায়াগো..
কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে
মা, তোর মুখের বাণী আমার কানে বাজে, সুধার মতো
মরি হায়, হায় রে
মা তোর মুখের বাণী আমার কানে বাজে, সুধার মতো
মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন
ওমা আমি নয়ন জলে ভাসি
সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।
উপরের লেখাটুকু ফেসবুক এ শেয়ার করার পরে বন্ধু আশিক মজার একটা গল্প বললো স্কুল জীবনের| আমরা প্রায়ই এসেম্বলি ফাকি দিতাম| কিন্তু আমার বন্ধু হাসান (ক্লাস এর ফার্স্ট বয়, সব হোমওয়ার্ক করতো, কখনো পরীক্ষায় আমাদের খাতা দেখাত না! এখন পিএইচডি করে ইন্ডিয়ানা তে পড়ায়) কখনই এসেম্বলি মিস দিত না| আশিক নিজেও ভালো ছেলে, তবে আমাদের দলে থাকার ফলে ও কখনো কখনো চরম শয়তানি করতো| যাই হোক, মাঝে মাঝে বাতেন স্যার এর বেতের ভয়ে এসেম্বলি তে যেতাম, কিন্তু লেংথ অফ দ্যা লাইন সবসময় ছিল ইনভার্সলি প্রোপরশোনাল টু ক্লাস নাম্বার - বছর বছর লাইন ছোট হতে লাগলো| কিন্তু এই ম্যাথমেটিক্যাল ফর্মুলার একটাই কনস্ট্যান্ট: প্রায় ছ'ফুট লম্বা হাসান সব সময় লাইন এর মাথায়| তো একদিন নাকি আশিক দেরী করে স্কুল এ এসে ক্লাস এ না গিয়ে সোজা এসেম্বলি তে গিয়ে দেখে একা হাসান সেখানে দাড়ানো| স্বভাবতই প্রশ্ন: "কিরে হাসান, বাকিরা কই?" হাসান এর সোজা জবাব, "আর কই? সব ক্লাস এ লুকায়া লুকায়া হোমওয়ার্ক কপি করে!"
হাঁ, এভাবেই বড় হয়েছি| কিন্তু মজার কথা হলো, জাতীয় সঙ্গীত তারপরেও ভুলিনি| আশিক ও ভুলেনি| এবং আমি শিওর, হাসান ও ভুলেনি|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

