অনেকদিন আগে ইত্তেফাক কাগজে একটা লেখা পড়েছিলাম। লেখার মূল বিষয় ছিল এই যে,আরবি "মওলা" শব্দের অর্থ "প্রতিপালক", যা সৃষ্টিকর্তা কে বোঝায়। সেই সুত্রে, "মাওলানা" শব্দের মানে হচ্ছে "আমাদের প্রতিপালক"। লেখক বুঝিয়েছিলেন যে আমাদের সমাজের ধর্মীয় নেতারা নামের আগে মাওলানা ব্যবহার করে যা করছেন তা প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তার সাথে শরিকী করারই নামান্তর।
এটা সেই আশি কিংবা নব্বই এর দশক এর কথা। মনে আছে, লেখাটা পড়ে আমার নানাভাইকে দেখিয়েছিলাম। আমার নানাভাই প্রচন্ড ধার্মিক মানুষ ছিলেন। লেখাটা পড়ে কোনো মন্তব্য করেননি, শুধু বলেছিলেন "ভালো লেখা, এইসব বেশি বেশি করে পড়বেন। যত জানবেন, ততই বুঝবেন।" (নানা প্রায়ই আপনি করে বলতেন আমাদের)। তারপর আর এই বিষয় নিয়ে খুব একটা ভাবা হয়নি। তবে এটা লক্ষ্য করেছি যে রাজাকার "মওলানা সাইদী" একদিন "আল্লামা সাইদী" হয়ে গেছেন। আরও অনেক হুজুররাও এই কয়েক বছরে মাওলানা থেকে হয় মৌলভি অথবা আল্লামা হয়ে গেছেন।
আমার প্রশ্ন হচ্ছে, মাওলানা শব্দের ব্যবহার কি ভুল? যদি ভুল হয়,তবে তা কেন ভুল? এর অর্থ কি সত্যিই আমাদের প্রতিপালক? নাকি অন্যকিছু? এই উপাধিটির ব্যবহার কোথায় এবং কবে শুরু হয়?
মাওলানা শব্দটি যদি আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়, তাহলে নিশ্চয় এটা ভুল। কিন্তু এটা যদি একটা উপাধি হিসেবে ব্যবহার করা হয়, তাহলে তো এর আক্ষরিক অর্থ নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন পড়ে না। ইসলামের ইতিহাসে খালিদ বিন ওয়ালিদ কে খলিফা উমর "সাইফুল্লাহ" উপাধি দিয়েছিলেন। সাইফুল্লাহ শব্দের অর্থ, আল্লাহর তরবারি। কেউ কিন্তু কখনো প্রশ্ন করেনি যে খালিদ রক্ত-মাংশের মানুষ ছিলেন না, খালিদ শুধুমাত্র একটি তরবারির নাম। তার কারন হচ্ছে এটা একজন মানুষের উপাধি ছিল, এই শব্দের আক্ষরিক অর্থ কেউ ধরে রাখেনি। রুপকটাই ধরে রেখেছে।
কেউ মন্তব্য করার আগে বলে রাখি, আমি ধর্ম বিষয়ে বেশ অজ্ঞ। (না ভাই, বিশেষজ্ঞ নই, তার বিপরীত!) এই পোস্ট দেয়ার কারন একটাইঃ আমি জানতে চাই শব্দটির সঠিক প্রয়োগটা কি?
পোস্টটি প্রথম পাতায় প্রকাশ পেলে খুশি হব। ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, তাই ধর্মকে বাদ দিয়ে মৌলিক বিষয়ে আলোচনা আশা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


