লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি ও শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া জামিন পেয়েছেন। মেয়র পদে তাঁর মনোনয়নও বৈধ হয়েছে।
আজ মঙ্গলবার নরসিংদী জেলা জজ কোর্টের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম জানান, লোকমান হত্যা মামলাটি মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে প্রক্রিয়াধীন ছিল। গতকাল সোমবার মোন্তাজ উদ্দিন ভূঁইয়াকে দ্বিতীয় দফায় এক দিনের রিমান্ডে নেয় নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁর পক্ষে আইনজীবীরা জামিন আবেদন জানালে আদালত তা নাকচ করে এক দিনের রিমান্ড দেন। এর পরিপ্রেক্ষিতে আজ দুপুরে জেলা দায়রা জজের কাছে তাঁর আইনজীবীরা জামিন আবেদন প্রার্থনা করেন। দায়রা জজ মো. শাহজাহান তা মঞ্জুর করেন।
এদিকে, মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার মনোনয়নের ব্যাপারে নরসিংদী সদর উপজেলার নির্বাচন কমিশনার নজরুল ইসলাম জানান, গত ২৭ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে স্বাক্ষর জটিলতা থাকায় মেয়র পদপ্রার্থী মোন্তাজের মনোনয়ন বাতিল হয়। পরবর্তীকালে গত ২৯ ডিসেম্বর মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের আবেদন করেন মোন্তাজ উদ্দিনের পক্ষে তাঁর বড় ভাই মোস্তাক আহমেদ ভূঁইয়া। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য। এই আপিলের পরিপ্রেক্ষিতে আজ বেলা ১১টার দিকে জেলা প্রশাসক শুনানির সময় ধার্য করেন। দুই ঘণ্টা শুনানির পরে মেয়র পদপ্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
সূত্রঃ প্রথম আলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


