গত দু'ঘন্টা থেকে খাতা-কলম নিয়ে বসে আছে শারদ। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, খাতায় এতটুকু আঁচড়ও পড়েনি।
মন বলছে একটা গল্প লিখতে হবে, অন্যরকম গল্প। কি নিয়ে লিখবে সেটা ভাবতে ভাবতেই সময় পেরিয়ে যাচ্ছে, অথচ এখনো কিছুই ঠিক করতে পারল না!
শারদ এবার এস.এস.সি পরীক্ষা দেবে। পরীক্ষার আর বাকী মাত্র পনের দিন, পড়ালেখার প্রচন্ড চাপ সত্ত্বেও আজ সময় বের করে ফেলেছে। সেজন্য অবশ্য একটু পড়া ফাঁকি দিতে হয়েছে, কিন্তু আজ শারদের মন বলছে কিছু একটা লিখতে হবে...
অবশ্য ছাত্র হিসেবে বরাবরই ভালো শারদ, হয়ত ফার্স্ট সেকেন্ড হয়না, কিন্তু রেজাল্ট ভালোই।
জানালা দিয়ে বাইরে তাকাল শারদ, আকাশে মেঘ জমতে শুরু করেছে। এইতো বৃষ্টিও শুরু হয়ে গেল। গল্পটা বৃষ্টি নিয়ে লিখলে কেমন হয়?
পরক্ষণেই নাকচ করে দেয় চিন্তাটা- নাহ! গল্পটা হতে হবে অন্যরকম, সবার থেকে একটু আলাদা।
চারপাশের জগত নিয়ে লেখা যায়... ছোট ছোট ঘটনাগুলো একসাথে জুড়ে দিলে কী বিশাল একটা ব্যাপার হবে...
কিন্তু সেজন্য তো অনেক সময় দরকার। শারদের হাতে সময় বেশী নেই।
দেশটাকে নিয়ে লেখা যায়, কিন্তু ঠিক কোন বিষয়টা?
...মুক্তিযুদ্ধ?
শারদ মুক্তিযুদ্ধ দেখেনি, বই পড়ে, প্রচার মাধ্যমে আর মা-বাবার কাছ থেকেই যতটুকু জেনেছে। এটুকু জেনে কী আসলেই অন্যরকম কিছু লেখা সম্ভব? না, সে সাহস করাই উচিত হবেনা।
বরং সেই গল্পটা লেখা উচিত, যে গল্পে আর্থিক অসচ্ছলতার কারণে একজন মুক্তিযোদ্ধা ভিক্ষাবৃত্তি অবলম্বনে বাধ্য হন।
সেই গল্পটা লেখা উচিত, যে গল্পে পাকিস্তানী দালাল রাজাকারেরা বুক ফুলিয়ে বলে- আমি একজন মুক্তিযোদ্ধা, এই দেশকে স্বাধীন করতে জীবন বাজী রেখে যুদ্ধ করেছি।
থাক মুক্তিযুদ্ধ। তাহলে কী সেই মেয়েটিকে নিয়ে গল্প লেখা যায়, ক্ষুধার জালা সহ্য না করতে পেরে যে আত্মহত্যা করেছিল? নাকি সেই মায়ের কথা লিখবে, দারিদ্রের কষাঘাতে যে মা নিজ সন্তান কে মাত্র দু'শ টাকার বিনিময়ে বিক্রি করেছিল?
সেই নববধূ কে নিয়েও তো লেখা যায়... স্বামীর সংসারে এসে সে স্বপ্ন বুনেছিল সুখী এক জীবনের... অথচ যৌতুকের নেশায় অন্ধ পিশাচ স্বামী যখন তার শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিল, চোখের সামনে স্বপ্নগুলোকে দাউ দাউ করে জ্বলতে দেখে সে কী খুব কষ্ট পেয়েছিল? না শরীরে দহনের জ্বালাটাই বেশী?
পাড়ার বখাটে ছেলেটা তিন তিনটে নিষ্পাপ মেয়ের মুখ এসিডে ঝলসে দিয়েছে, অথচ তার কোন কিছুই হয়নি। এখনো সে গলির মুখের চায়ের দোকানে দাড়িয়ে সিগারেট ফোঁকে। উঠতি বয়সী কোন মেয়ে দেখলেই শীষ, অশ্লীল মন্তব্য... চোখ কান বুজে চলতে হয়... অথচ এমন তো কথা ছিল না!
শারদ ভেবে পায়না, কি নিয়ে লিখবে গল্পটা। সেই বাবার কথা কী লিখবে, সন্তানের পড়ালেখার খরচ জোগাতে আজ যে শক্ত হাতে হাতুড়ি ধরে ইট ভাঙ্গে? হয়ত কোন একদিন তার উঠোনেই জমেছিল পালাগানের আসর, গ্রামের কয়েকশ বিঘা আবাদী জমি ছিল, গোয়ালে জোড়া জোড়া গরু-বাছুর ছিল। অদৃষ্টের পরিহাসে আজ সে পথের ভিখারী...
আর ভালো লাগছে না চিন্তা করতে। আমরা কেন এত অসহায়? বাইরে এখন বৃষ্টিও থেমে গেছে। কি যেন ভেবে একটা শার্ট গায়ে চড়িয়ে বাড়ির বাইরে পা রাখলো শারদ।
আকাশে তাকিয়ে অবাক হল শারদ, রংধনু! শেষ কবে রংধনু দেখেছিল, শারদের মনে নেই। ওর মনে হল, রংধনুর সাত রঙের মতই বর্ণিল আমাদের জীবন, নাকি বিবর্ণ? ক্ষণে ক্ষণে রঙ বদলায়?
ওদিকে ততক্ষণে সন্ধ্যা নামতে শুরু করেছে, গোটা আকাশটায় লাল আবির ছড়িয়ে দিয়েছে কে যেন! মুগ্ধ চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিরতি পথে পা বাড়াল শারদ।
বুকের গভীর থেকে কে যেন বলে উঠল-
এখনো স্বপ্নেরা শেষ হয়ে যায়নি,
এখনো আমি আছি তোমার পাশে।।
লিখব না লিখব না করেও অবশেষে দুঃসাহস করেই ফেললাম। এই লেখাটিকে হয়ত গল্প বলা যায়, কিন্তু আমার কাছে একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। একটা অনুরোধ, ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন, শুধরে নিতে চেষ্টা করবো।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



