অতিথি পাখির মত উড়ে গেছি এক আকাশ থেকে অন্য নীল মেঘে
খিদে পেলে কোথাও থামি নি,
জমিতে প্রখর কাঁকর, উষর জমিতে শস্য নেই,
আমাকে কেউ দানা নিয়ে একবারও ডাকে নি!
আমাকে কেউ বসতে দেয় নি পিড়ি পেতে, আমি কি ওদের অতিথি?
সবাই চলে গেছে সুখ নিয়ে যার যার বাড়ি, আজ এসে কাল যাবে এটাই নিয়ম
বন্ধু হয়ে আছে নি:সঙ্গতা, ও কিন্তু আমাকে ছাড়ে নি।
রাগ করে ফিরবো না বাড়ি, এমন বাড়ি কি আছে?
অভিমান করে উপোস রবো, এমন আপন কি কেউ আছে?
অতপর: একাকীত্ব ঠিকই সঙ্গী হয়ে পার্কের দোলনায় আমার পাশে!
আমি জানি আমি একা -
দুলছি, পায়ের কাছে মাটিগুলো বড় বেশি একা,
অর্জুনের পাতায় সাবানের টুকরো তুলে দিয়ে
ছোট এক জলাশয়ে ডুবো স্নান করে, সুতী গামছা জল শুষে নিয়ে,
শীতের সকালে আমার বাদামী গায়ে
শরিষার তেল মেখে দিতো স্নেহ নিয়ে, এখন কেউ নেই
সমুদ্রের নোনা জলে শঙ্খচিলের মত শুধু প্রতিদিনের বেঁচে থেকে
আমাকে কেউ যদি বলে ডেকে - আয়, নৌকার গলুইতে বসে থাক,
আমাকে যখন কেউ নাম ধরে ডাকে, অনেক যত্ন নিয়ে
আমার শঙ্কা হয় সেও যাবে, এই সব ডাকা ডাকি অনিবার্য একা হবারই লক্ষণ।
-
ড্রাফট ১.০/ তবুও একটা কিছু লিখি
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




