পরিবর্তনের শর্ত একটাই, নিয়মকে
রপ্ত করে নখদর্পনে এনে ফেলা,
তারপর নতুনের অধিকার..
তা না হলে ভাঙাভাঙি
যাচ্ছেতাই কিছু হবে,
বকচ্ছপ কিংবা অশ্ব-শকটের কাড়াকাড়ি
কে কার আগে যাবে,
কে কাকে সামলাবে সেই হট্টগোল!
কেয়ামতের বিউগল বাজাতে হলে
অন্তত একটা বিশ্ব বানিয়ে দেখাও
গোয়ের্নিকা ছবিতে বৃষের ভাঙন থাকে
ঘাম ঝরানো নবীশ সেই পিকাসো কে দেখি,
দেড়টি যুগ বন্দি হবার পর
শিক্ষানবীশ কাগজের স্কেচে
রপ্ত হয়েছে রেখার সেরিনেডো, টোনাল বাসস্টপ, ইমপ্রম্পটু ফর্ম,
অচলায়তন ভাঙতে জানতেই হবে সনাতন সংস্কার,
জ্ঞানের ফসল ঘরে উঠে এলে ভরা পেটে বিঘ্নকে মানা যাবে
সীমানা পেরিয়ে যাওয়া যাবে
ছন্দ ছেড়ে বেসুরে গাওয়াও ঠিক
ধ্রুপদী সুরের ক্ষমতাটা যদি থাকে।
-
ড্রাফট ২.০/ নিজের জন্য বাক্য
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



