অথচ
একটা সময় আমি ছিলাম শান্ত নদীর মতন,
বুকজুড়ে ঠান্ডা কোমল স্রোত স্বাধীনভাবে
বিচরণ করতো বৌদিদের শিরদাঁড়ায়,
বিশ্বাস, ভক্তি, ভালবাসা, রাগ, জেদ, আগুন, অহংকার, ধ্বংস, সৃষ্টি, উল্লাস, এসবে কবিতা হত রোজ
বোসপাড়ার কালো মেয়েটার কথা মনে পড়ে,
একটা কবিতার জন্য আধ পোয়া কেরোসিন!
একটা চিরকুট চুলোয় দেবায় রেবুতি দির কান্নার শদটা আজো কানে বাজে,
অথচ আমি ছিলাম নদী।
নিপেনদা তাদের সাপ্তাহিকে না বলেই একটা কবিতা ছাপিয়ে দিয়ে কি সর্বনাশটাই করেছিল
কে বলবে তার মেয়েটাও সেবার
ভুল করে কবি ভেবে নদীর প্রেমে পড়ে গেছিল।
এমন হাজারো প্রাপ্তি অপ্রাপ্তির কবিতার জন্ম দিয়েও আমি কখনো কবি হতে চাইনি,
যদিও একফোঁটা জল অবশিষ্ট নেই
তবু
আমি এখনো একটা নদী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

