একদিকে বৃক্ষরোপণ আন্দোলনের ঘোষণা অন্যদিকে বৃক্ষ নিধনের নির্দেশ। সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর এ স্ববিরোধী সিদ্ধান্তে অবাক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নগরীর সচেতন মহল। আউটার স্টেডিয়ামে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে মাসব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ নগরী গড়ে তোলার আন্দোলনের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। আবার তিনিই টাইগারপাস পাহাড়ের বৃক্ষ নিধন করে কর্পোরেশনের গ্যারেজ ও স্টোর তৈরির নির্দেশ প্রদান করেছেন। গত এক সপ্তাহ ধরে টাইগার পাস পাহাড়ের পাদদেশ থেকে বৃক্ষ নিধন করে কর্পোরেশনের স্টোর নির্মাণ করা হচ্ছে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, লালখানবাজার ও টাইগারপাস সড়কের মাঝখানে সড়কের পশ্চিম পাশে পাহাড়ের গিরিখাদে কয়েক বছর আগে গ্যারেজ নির্মাণ করে সিটি কর্পোরেশন। সম্প্রতি সিটি কর্পোরেশনের আন্দরকিল্লাস্থ পুরানো ভবনটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় তা ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত ভবনের নিচ তলায় সংরক্ষিত বিভিন্ন যন্ত্রপাতি ও মশা নিধনের বিভিন্ন সরঞ্জামসহ অন্যান্য যন্ত্রপাতি ও কাগজপত্র সংরক্ষণ করার মতো জায়গা কর্পোরেশনের নতুন ভবনে নেই। যে কারণে টাইগারপাসের পাহাড়ের গাছ কেটে জায়গা করে পাহাড়ের পাদদেশে স্টোর রুম করার উদ্যোগ নিয়েছে কর্পোরেশন। গত কয়েকদিন থেকে প্রায় অর্ধশতাধিক বৃক্ষ নিধন করেছে সিটি কর্পোরেশন। বৃক্ষ নিধনের ব্যাপারে সিটি কর্পোরেশনের সচিব সামসুদ্দোহা বলেন, টাইগারপাস এলাকায় পাহাড়ের পাদদেশে কিছু গাছ ঝড়ে ঝুঁকে গেছে। এই গাছগুলোর কারণে পাহাড় ধস হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। যে কারণে গত মাসে অনুষ্ঠিত পাহাড় রক্ষা কমিটির সভায় বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে টাইগারপাস এলাকার কিছু গাছ কাটার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন' পাহাড় রক্ষা কমিটির অন্যতম সদস্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, কমিটির গত সভায় টাইগারপাস এলাকা থেকে গাছ কাটার বিষয়ে কোন আলোচনা হয়নি। সুতরাং গাছ কাটার সিদ্ধান্ত হবার প্রশ্নই উঠেনা।
এদিকে গাছ ও পাহাড় কেটে গ্যারেজ নির্মাণের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নগরীর সচেতন মহল। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি চট্টগ্রামের সমন্বয়ক এডভোকেট আনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন, বাটালি হিলে যে কোন ধরনের স্থাপনা নিষিদ্ধ। এই পাহাড়ের গাছ নিধন সম্পূর্ণ বেআইনি। সিটি কর্পোরেশনের মত প্রতিষ্ঠান যদি এভাবে আইন লঙ্ঘন করে তা সত্যিই অবাক করার বিষয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাউন্সিলর ও সচেতন ব্যক্তি জানান, বৃক্ষ রোপণের জন্য প্রতিদিন আউটার স্টেডিয়ামে একের পর এক সেমিনারের আয়োজন করা হচ্ছে। সেই সেমিনারে বক্তাগণ বৃক্ষের শত উপকারিতার বর্ণনা করছেন। মেয়র নিজেও সেখানে বৃক্ষরোপণ আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আবার তিনিই নিজে বৃক্ষ নিধনের নির্দেশ দিয়েছেন, বিষয়টি কিছুতেই মেনে নেয়া যায়না। প্রসঙ্গতঃ বৃক্ষরোপণ আন্দোলনে অবদান রাখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবার জাতীয় পুরস্কার পেয়েছে এবং সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী কর্পোরেশনের পক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


