ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট নিরসনে শিক্ষা প্রতিষ্ঠান, বিপণী বিতান, অফিস ও ব্যাংকের সময়সূচি আলাদাভাবে ঠিক করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে বৈঠক শেষে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।
তথ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "আজকের (সোমবার) বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকার অসহনীয় জানজট নিরসনের জন্য স্কুল, বিপণী বিতান, অফিস ও ব্যাংকের সময়সূচি আলাদা আলাদাভাবে নির্ধারণ করে প্রস্তাব তৈরী করে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে উপস্থাপন করতে বলেছেন। এর ভিত্তিতে পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
আজাদ বলেন, "প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি, আধা সরকারি ও বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে তাপমাত্রা ২৪ ডিগ্রি সেরসিয়াসের নীচে না নামাতে বলেছেন। এছাড়া তিনি প্রয়োজনে অফিসের কর্মকর্তাদের কোট পরার পরিবর্তে শার্ট-প্যান্ট পরে অফিস করতে বলেছেন।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



