রোজায় ধরলে না কি মানুষের কোন একটা নির্দিষ্ট খাবার খাওয়ার জন্য মাথা নষ্ট হয়ে যায়, ক্ষুধার আতিশয্যে ঐ বস্তুটা মাথায় ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, না খাওয়া পর্যন্ত শান্তি নাই রে রোজাদার মমিন।
তিন দিন ধরে আমার প্রাণ আটকায় গেছে কলায় ! আমি আকাশে কলা দেখি, বাতাসে কলা দেখি, নধর নধর সাগর কলা ছিলকার পাখনা মেলে আমার চারপাশে উড়ে বেড়ায়।
স্বপ্নে আমি গাছে বসে দুই হাতে দুইটা কলা ছিলে গাপুশ গুপুশ খাই, কিন্তু যতই কামড় দেই কলা শেষ হয় না
আম, মালটা, আপেল, খেজুর, ফ্রিজে ফলের অভাব নেই, সবই ট্রাই করলাম, কিন্তু হলুদ হলুদ সুন্দরী সাগর কলারা আমার মাথার থেকে যায় না।
তিন দিন ধরে ঘরের সবাই উঠতে বসতে পাশ দিয়ে হেঁটে যাইতে শুধু একটা কথাই শুনে –
- আম্মা, কলা খাবো
- ও আম্মা, কলা খাইতে ইচ্ছা করে যে।
- বড়োপা আমারে কলা আনি দেও
- নানু, টাকা দেন, কলা কিনবো :’(
- বাবাই, ও বাবাই, আমার কলা খেতে ইচ্ছে করছে যে, ও বাবাই, কলা কিনে দে।
তাহারা কেউ আমার উপর সদয় হয় না। ভাগাইয়া দেয়। কারওই রোজা রেখে বাজারে যেয়ে কলা এনে দেয়ার শক্তি বা সময় নাই।
আমার লুলজিভের উপরে একটু রহম করলেন আল্লাহ্।
আম্মা গেছিলো পুরানো বাসার ওস্তাদজির বাড়িতে, প্রতি রোজায় আব্বার নামে খতম ও দোয়া খায়ের হয়, সেইটার বুঝ ব্যবস্থা করতে। আমিও সুযোগ বুঝে ভাবি, এইবার তো বাইরে গেছো, এইবার কলা না কিন্না যাইবা কই???
ফোন দিলাম আম্মা কে, আমার ফোনে ব্যালেন্স নাই :’( হাতের কাছে নানুর ফোন পেলাম, তাই সই। নম্বর টিপে ডায়াল করতেই স্ক্রিনে লেখা উঠলো “রুবী”।
আসলে আম্মুদের যে “আম্মু” নাম ছাড়া আরেকটা নাম থাকে এইটা আমাদের মনেই থাকে না। এইটা শুধু আম্মুদের আম্মুর মনে থাকে। একমুহূর্তের জন্য মনটা অন্যরকম হয়ে গেলো । :#> :#>
আম্মা নানুর নাম্বার দেখে ফোন ধরে সুন্দর করে একটা সালাম দিলো।
আমি বললাম – ও মা তুমি আসার সময় কলা আনবা। অবশ্যি আনবা। আমার কলা খেতে ইচ্ছে করছে যে।
আম্মা – আচ্ছা আচ্ছা, পথে পাইলে আনবো নে, এখন রাখো আমি ব্যস্ত।
আহা আমার মা কলা আনিবে। আমি কলা খাইবো। দরজার আশে পাশেই ঘুরতেছি।
এক ঘন্টা পর একদম খালি হাতে আম্মার দরজায় পদার্পণ !
- মা আমার কলা??
- ভুলে গেছি।
অতঃপর আশা ভঙ্গ হয়ে বুক ধসিয়া যাবার করুণ চেহারা দেখে নানুর দয়া হইলো। (আমি আবার কারণে অকারণে অথেন্টিক করুণ চেহারা করে সুবিধা আদায় করতে ব্যপক ওস্তাদ, সব পরিবারের ছোটরা সবাই এই এক্সপ্রেশন দিতে সেইরকম এক্সপার্ট হয়ে থাকে।)
উনি তাঁর ঐতিহাসিক পানের বাটা খুলে একশত টাকার একটি নীল রঙের চকচকে ছাপা কাগজ আমার হস্তে সমর্পণ করিলেন।
আমি কোন মতে স্যান্ডেল পায়ে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম, গন্তব্য গলির মাথা। এক আঙ্কেলকে ঐখানে কলা বেচতে দেখেছিলাম একদিন।
দশ কদম মতো গিয়ে একটা অতীব জরুরী কথা মনে হইতেই বড়োপাকে ফোন দিলাম।
- হ্যালো ?
- আচ্ছা কলা কি দামাদামি করতে হবে?? :-& :-&
- না দামাদামি করতে হবে না, তোর সাথে গ্যাঞ্জাম লাগলে তুই কলাঅলার দোকান ধ্বসায় দিয়া আইসা পড়বি। যা চায় তাই দিয়ে নিয়ে আয়।
আমি ফোন রেখে দ্রুত পা চালাচ্ছি, দুউউউউরে দেখি রাস্তার একপাশে এলাকা আলো করে কলা সুন্দরীরা রাজকীয় ভঙ্গীতে আয়েশি আসন গেড়েছে।
আহ কলা !!
দাম শুনে আমার হেচকি উঠে গেলো যে। কলার দাম স্বর্ণর দামের চেয়ে খুব একটা কম না। (আসলে কখনো খোলা বাজার থেকে কিছু কিনি নি তো, তাই দাম সম্পর্কে আমার আইডিয়া ব্যপক ভালো)
কাচুমাচু মুখে এক হালি কলা কিনে বাড়ির পথ ধরলাম।
আমার টেবিলে এখন সাজানো আছে এক হালি নধর টুকটুকে হলুদ ফুটফুটে সাগর কলা।
ইফতারীর আর কতো দেরী পাঞ্জেরী ??????
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


