জয়ন্তী,
কথার বাষ্প জমিয়েছো, জানি
তুমিও আর পাঁচটা মেয়ের মতো, অভিমানী।
পান থেকে চুন খসলেই গ্রীষ্মকাল, এমন কেন?
ভেজা তোয়ালে বিছানায় ফেলে, ভুলে যাই।
আমি এরকমই, সে তো তুমি জানো!
কবার ফোন করেছিলে, ধরা পড়িনি কবার আমি!
সে হিসেব লিখে রাখো বুঝি? এভাবেই দেনা বাড়ে, বাড়ে বদনামী।
সামান্য যোগে ভুল করো, বিয়োগের অঙ্কে তুমি বেশ ভালো।
অঙ্ক ছাড়ো না প্লিজ? দীঘা ঘুরে আসি, চলো।
সমুদ্র মাড়িয়ে এসে, ভেজা পায়ে তুমি বুকে এঁকে দেবে ছাপ।
নুন-বাতাস এসে চায়ে মিশে যাবে, চাঁদ ডুবে যাবে লেমন টি-র কাপ।
হিসেব চাইতে হলে, যেকটা চুমু বাকি আছে, চেয়ে নিয়ো।
ব্যবসায়ী হয়ো না প্লিজ, প্রেমিকাই থেকো, থেকে যেয়ো।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৯ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



