মাসের শেষ দিনগুলি কেমন যায়,জানতে চেওনা সরলা
আমি নিজেও জানি না কেমন সেই অপূর্নতা!
তবে দারুণভাবে অনুভব করি, ঈশ্বরের মত।
এভাবেই দিন যায়,মাস যায়,বছর আসে
বছরের সাথে বাড়িওয়ালা আসে,রুমমেট হাসে
গম্ভীর মুখে বাড়ি ভাড়া বাড়ে,হাসি মুখে খাবারের বিল
আমি হাসি বা গম্ভীর কোনভাবেই বলতে পারি না
সামনের মাসে টিউশনীর টাকাটা বাড়াবেন।
তাই,
নিজের খরচগুলিকে আত্নহত্যার পথে ঠেলে দিই
মনকে বলি সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
চা পান ব্রিটিশদের গোলামী করার সমান
বন্ধুদের বলি আজ আর আসছি না,আড্ডা দিতে
ভেবে দেখ সরলা কতগুলি টাকা বেঁচে গেল,সামান্য তিনটে মিথ্যায়।
একদিন তোমাকেও মিথ্যে বলব
আমি তোমার সুখ নই,তোমার সুখ অন্য কেউ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



