অগ্নিশুদ্ধ অভ্যুদয় : গোলাম কিবরিয়া পিনু
ভোরের কাগজ : শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৩
শাহবাগ এখন মুক্তিযুদ্ধের মূল উৎস থেকে উৎসারিত
অগ্নিশুদ্ধ এক জলধারা--
যেখানে অবগাহন করে শিশু থেকে
সব বয়সের মানুষেরা।
তারা সেইসব মানুষ, যারা--
পোশাকী ও সংকীর্ণ রাজনৈতিক কৌশলের কাছে
কৌটোবদ্ধ রাখতে চায় না মুক্তিযুদ্ধকে--
আর সহ্য করতে চায় না মুক্তিযুদ্ধের কোনো অপমান
কণ্ঠে কণ্ঠে তাই উচ্চকিত সমস্বরে নবগান,
শহীদের রক্তস্পর্শ নিয়ে--
নিজেদের রক্তও শহীদদের মতো পবিত্র রাখতে চায়।
যেসব তরুণ নিজেদের জাগিয়ে তুলে
সারা দেশ জাগিয়ে তুলছে
লোভ-স্বার্থ-দোলাচলের ঊর্ধ্বে উঠে
তারা-তো প্রকৃত মুক্তিযোদ্ধার উত্তরসূরি
তারা নয় স্থির পাথরের নুড়ি!
কে বলে আমাদের তরুণরা
মুক্তিযুদ্ধের চেতনা-দর্শন-নৈতিকতা-দায় ও স্বপ্ন^ থেকে দূরবর্তী!
তারা দূরে নয়--আমরা কেন দূরে থাকবো?
যাই শাহবাগ--
নিয়ে ঘৃণা-রাগ,
মনে হয় পৌঁছে যাই একাত্তরের রণাঙ্গন
জেগে থাকি অমানিশা ভেঙে যূথবদ্ধ সারাক্ষণ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




