গতকাল একটা কবিতা লিখলাম-
শুধু বিঘে দুই, ছিলো মোর ভুঁই...
থামানোর দরকার ছিলো না। আমি জানতাম আপনারা আমাকে থামিয়ে এই কথাটাই বলবেন। তবে শুনুন এই লাইনগুলো। আমারই লেখা-
শোনা গেল, লাশকাটা ঘরে নিয়ে গেছে তারে...
আপনারা মশাই এমন করলে তো তো কথা বলাই দায়!
*****
উত্তরপ্রজন্মের মানুষদের অনেক সুবিধা থাকলেও সময় সময় অসুবিধাটাই মুখ্য হয়ে উঠে। দেখুন, আর দশজনের মতো আমিও একজন মানুষ। আমার মনেও ভাব আছে, ভাবাবেগ আছে। সেগুলোর প্রকাশও আছে। কিন্তু যখনই যা বলতে যাই, দেখি পূর্বপ্রজন্মের মানুষেরা সব বলে বসে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নামের এক ভদ্রলোক তাঁদের গুরু। এই লিস্টে আরো আছেন- জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
অবশ্য এর জন্য পুরোপুরি তাঁদের দায়ী করলে অধর্ম হবে। সৃষ্টিকর্তা বলে যদি কেউ থাকেন, তাহলে তিনি দায়ী। না হলে প্রকৃতিকে দায়ী করা ছাড়া উপায় নেই।
*****
একটু লক্ষ করলেই বুঝতে পারবেন- প্রকৃতি সময়ের সিস্টেমটা এমনভাবে সাজিয়েছে যে, সেটি প্রথমে অতীতে থাকে, তারপর বর্তমান হয়ে ভবিষ্যতে যায়। যেহেতু অতীতটা আগে আসে, তাই অতীতের কেউ কিছু বললে সেটিকেই রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হয়। তা বর্তমান কিংবা ভবিষ্যতের কেউ নিজ থেকে যা-ই বলুক না কেন! একই ভাব দুপ্রজন্মের মানুষের মধ্যে একইভাবে উদিত হতে পারে, তাই বলে বড় হওয়ার সুবাদে সেটি পূর্বপুরুষদের সম্পদ হয়ে থাকবে- এ কেমন কথা!
*****
বিজ্ঞানীরা অনেক অসাধ্য সাধন করতে পারেন। বিজ্ঞানেই পড়েছি, অতীতের মানুষ যা কল্পনাও করতে পারে নি, বর্তমানের মানুষ নাকি তাই সাধ্য করেছে। সুতরাং আমরা যদি এখন কল্পনা করি যে, ভবিষ্যতের সময় চলবে উল্টা দিকে তাহলে কি সেটি ভুল হবে?
বোধহয় ভুল হবে না। বিজ্ঞানীরা যে হারে এগিয়ে যাচ্ছেন, তাতে আগামী কয়েক শতকের মধ্যেই এমন ম্যাকানিজম আবিষ্কার করবেন যে, সময় বাপ বাপ করে উল্টো দিকে অর্থাৎ ভবিষ্যত থেকে অতীতের দিকে বইতে থাকবে। আর এটা যদি ঠিক হয়, তাহলে রবীন্দ্রনাথ-সুধীন্দ্রনাথ-জীবনানন্দ-বুদ্ধদেব-নজরুল প্রমুখরা যা লিখে গেছেন, সেগুলো লিখে ফেলাটাই হবে বুদ্ধিমানের কাজ। তখন সবাই বলবে- দ্যাখো, ব্যাটারা গৌতমের লেখা নকল করে বড় কবি হওয়ার চেষ্টা করছে।
কী মজা হবে, তাই না?
(পুরো ঘটনা কাল্পনিক। এর সাথে বাস্তবতা খুঁজে পেলে তা হবে 'অনভিপ্রেত কাকতালমাত্র')
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


