জীবন-৪৫
জীবন তখন কাটছিল খুব
আনন্দে আর উল্লাসে,
ছয় পেরিয়ে সাতে পা-
পড়ি তখন টু ক্লাসে।
যুদ্ধ শুরু হয়ে গেলো
একাত্তরের সেই সময়,
এক বিকেলে স্কুল মাঠেতে
খেলছি তখন – পেলাম ভয়।
পাঁচটি ট্রাকে পাক আর্মি
এসে বলে – হেডো নাই?
তিনি আগেই ভারত গেছেন
কর্ল দখল স্কুলটাই।
শুরু হলো লড়াই ভীষণ
আমরা দেখি আড়ালে,
ভয় পেয়ে সব গ্রাম ছাড়া যে
মানুষ-কুকুর-বেড়ালে।
মোটা ছিল এক অফিসার
ঢুকতে না পায় দরজায়,
বারান্দাতেই বিছ্না পেতে
রাগে শুধুই গরজায়।
অন্য সবাই ড্রামের তাওয়ায়
বানায় পুরো রুটি,
গরু-ছাগল-মুরগি জবাই-
আমরা ভয়ে ছুটি!
জীবন-৪৬
আমরা তখন বাসার ভেতর
ঢুকেছি উঠোন-বাংকারে,
হঠাৎ ছুটে এলো যে বিমান-
ফেলে বোমা – রণহুংকারে!
একাত্তরের শেষভাগ সেটা-
জীবন দুর্বিষহ,
ভয়ে-আতংকে দিশেহারা হয়ে
কাটে দিন দুঃসহ!
গার্লস্ মডেল স্কুলেতে ছিল
এক পাঞ্জাবি ঘাঁটি,
ওখানেই ফেলে ভারতীয় প্লেন
দুই বোমা – কথা খাঁটি!
তবে তার আগে ভেগেছে পাকিরা
হয় নি তো হতাহত,
দেখতে গেলাম – বোমা দেখি এ কী
একটা রয়েছে অক্ষত!
তিনতলা সেই বিল্ডিংটার
মধ্যে বোমায় গর্ত,
পুকুর হয়েছে যেন বা একটা
পাকিরা থাক্লে মর্ত!
এরপর আরো বোমাবর্ষণ
বিমানের কসরত,
জীবনের এক সময় যে গেছে
নেই তাতে দুইমত!
জীবন-৪৭
জীবন তখন থমথমে এক ভয়ের,
একাত্তরের লড়াই চলে-
শপথ যুদ্ধ জয়ের।
সেই সময়ে মুক্তি হানা
দেয় বিহারি ক্যাম্পে,
দালাল ওরা – সই দিয়েছে
পাকিস্তানি স্ট্যাম্পে!
গিয়ে দেখি ম্যানহোলে আর
রাস্তা জুড়ে লাশ,
কী ম্যাসাকার - রক্ত জমাট
ছড়ায় যে সন্ত্রাস!
এক বিহারি পালিয়ে এলো
মাকরজানি খালে,
কামালদি রাজ ছুটে গেলো
বল্লম চম্কালে!
টুকরো করে খালে পুঁতে
রক্তমাখা হাতে,
দরোজাতে দাঁড়িয়ে বলে-
খতম সাথে সাথে!
চোখে ভাসে এখনো সেই
রক্তজবা চোখ,
জীবন - সে তো গড়িয়ে যায়
স্মৃতি ভরা বুক!
জীবন-৪৮
জীবন যেন
বদলানো-রঙ গিরগিটি,
ভোল পাল্টে মুহূর্তেই ভিন্ন।
বদলে যাওয়াই
হলো যে তার রীতি,
মুছে ফেলে অতীত সকল চিহ্ন।
আজকে যে রূপ
কাল হয়ে যায় অন্য,
সাপের খোলস যেমন।
ভিন্ন মানুষ – পরিবেশও ভিন্ন,
জীবনটা যে এমন!
জীবন-৪৯
জীবন আমার জীবন,
তোমার জন্য আজ কিনেছি-
সাতরঙাসব রিবন।
জীবন আমার জীবন,
তোমায় সুখী করার জন্য-
কর্ব গরল সেবন।
জীবন আমার জীবন,
তোমায় ভালবেসে যাবো-
নির্জন দ্বীপ কি বন!
জীবন -৫০ (১/২ সেঞ্ছুরি)
জীবন দিলো পঞ্চাশে পা
বয়স তো আর নয় তা,
জীবন খুঁজি জীবনব্যাপী
জীবন কারে কয় তা...।
জীবন তবু অধরা,
আছি আমি গোঁ ধরা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




