জীবন-৫১
জীবন তো নয়
সোনায় মোড়া প্রান্তর,
জীবন তো নয়
ছুঁ-মন্তর যন্তর।
জীবন হলো
নির্মম এক সত্যি,
জীবন হলো
প্রদীপ ছাড়া দত্যি।
জীবন মানে
নয় তো শ্লথ-কচ্ছপ,
জীবন মানে
নয় কেবলি মচ্ছব।
জীবন যেন
ছুটছে ঘোড়া টগবগ,
জীবন যেন
ঠিক চলমান এক ব্লগ।
জীবনটা তো নয়
এক যে কোনো স্থির হ্রদ,
জীবনটা তো নয়
মরা ব্রহ্ম-পুত্র নদ।
জীবন সে তো
ছুটন্ত সেই কর্ণফুলি,
জীবন সে তো
লক্ষ্যভেদী একশো গুলি!
জীবন-৫২
জীবন যেনো
বদলানো-রঙ
গিরগিটি,
ভোল পাল্টে
মুহূর্তেই ভিন্ন।
বদলে যাওয়াই
হলো যে তার রীতি,
মুছে ফেলে
অতীত সকল চিহ্ন।
আজকে যে রূপ
কাল হয়ে যায় অন্য,
সাপের খোলস যেমন।
অন্য মানুষ –
পরিবেশও ভিন্ন,
জীবনটা যে এমন।
জীবন-৫৩
জীবন শুরু দোলনা থেকে
জীবন শেষে কবর,
জীবন তবু যায় না মরে
জীবন জবর খবর!
জীবনকে তাই যাই ছুটিয়ে
জীবন যেন অশ্ব,
জীবন থেমে গেলেই মরণ
জীবন তো জীবাশ্ম।
তাই তো চলে
জীবনব্যাপী দৌড়,
একি নিয়ম –
বিত্তশালী-পুওর!
জীবন-৫৪
করছি যাপন
ভাবছি আপন
জীবনটা তো তা না,
জীবন বড়ই
অবাক চড়ুই
থামতে যে তার মানা।
কেবল তিড়িংবিড়িং চলা
শুধুই যাওয়া-আসা,
একটুও সে দাঁড়ায় না তো
বাঁধে না তো বাসা।
কেবল চলে
ঊর্ধমুখী ছোটা,
দৌড়ে চলে
জানে না সে হাঁটা!
জীবন-৫৫
জীবনের জয়গানে
মুখরিত দশদিশ,
আঙুর সে টক নয় –
সুস্বাদু কিসমিস।
জীবন তো পান্তুয়া-
রসে ভরা কালোজাম,
বিস্বাদ চিরতা না-
লিচু বা ল্যাংড়া আম।
জীবন তো নয়
তেতো করলা,
জীবন তো
স্বাদু নদী ধরলা!
জীবন-৫৬
জীবন তো নয়
অন্ধকারের জীব,
জীবন তো নয়
দানব কোনো
দেখাবে দাঁত-জিভ!
জীবন তো নয়
ভিন্ন গ্রহের প্রাণী,
জীবন তো নয়
এক এলিয়েন
আমরা সবাই জানি।
জীবন তো নয়
অদ্ভুত এক চিজ,
জীবন তো নয়
বখাটেদের
বদমাশ-ইভটিজ!
জীবন হলো জীবন,
খুকির চুলের রিবন!!
জীবন-৫৭
টর্নেডোতে ভয় করি না
ভয় করি না সাইক্লোনে,
হারিকেনে ভয় করি না
ভয় করি না টাইফুনে।
ভয় করি না
সিডরে বা নার্গিসে,
আইলা এলেও
ফিরি না তো আর পিছে।
কারণ – আমি
জীবন ভালবাসি,
জীবন আমার
মুখে ফোটায় হাসি!
জীবন-৫৮
প্রতিদিনের
তুচ্ছতা আর দৈন্য,
দূর হয়ে যায়
জীবন ভালবেসে।
জীবনটা যে
যায় হয়ে অ-নন্য,
দুঃখ বিপদ
পেরোই অনায়াসে!
জীবনকে তাই
করি জীবনসঙ্গী,
দৃষ্টিতে নিই –
ইতিবাচক ভঙ্গি।
জীবন-৫৯
জীবন যেন
অশান্ত এক বর্ডার,
সৈন্যরা সব এলোমেলো
মানে নাতো অর্ডার!
কেবল চলে মার্ডার,
রাতবিরেতে
থাকে নাতো গার্ড আর।
জীবনটা তাই হার্ড আর-
মানে নাতো
কৃষক কেবা লর্ড আর!
জীবন-৬০
জীবন হলো এলেবেলে,
কেউ চেয়ারে
কেউ বা জেলে।
কেউ খেয়ে যায়
রঙিন পানি,
জীবন জুড়ে
টানে ঘানি...কেউবা-
কেউ ছুটে যায় হনুলুলু
যায় চলে কেউ কিউবা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




