জীবন-৬১
জীবন এতো ছোট কেনে...
এই আক্ষেপ যায় না,
জীবন্টা তো ভঙ্গুর এক
রঙিন কাচের আয়না।
যখনতখন তাসের ঘরের-
মতোই জীবন তচনচ,
জীবন তো নয় ক্যাকার্স কোনো-
স্পাইসি টোস্ট – মচমচ!
জীবন হলো নশ্বর এক শিল্প,
জীবন হলো শেষ না হওয়া গল্প!
জীবন-৬২
আকাশে যখন
কাটাঘুড়িগুলো
গোত্তা খায়,
জীবন তখন
হাসে বিজয়ের হাসি।
জীবন এভাবে
বেঁচে থাকে জয়গানে,
সব মানুষের প্রাণে।
জীবন-৬৩
জীবন নিয়ে
অনেক টানাটানি,
কারো জীবন পাখির মতন
কেউ বা টানে ঘানি।
জীবন নিয়ে
অনেক কথকতা,
কেউ বা গড়ে ফুল্লজীবন
কেউ বা হারায় কথা।
জীবন নিয়ে
অনেক লুকোচুরি,
কারো জীবন ফুটপাতেতে
কেউ বা উড়ায় ঘুড়ি!
জীবন-৬৪
বিলাসিতা-ভোগবাদিতায়
বস্তুবাদী জীবন,
যাবৎ জীবেৎ সুখং জীবেৎ-
এই করিনু পণ!
ত্যাগেই সুখ-এর মুখর কথা-
এইখানে তাই নীরব,
নগদ যা পাও হাত পেতে নাও
-বলে কবি সরব।
এই যে সুখের পেছন ছোটা
এই যে জীবনযাপন,
মানুষ কোথায়- মানবতার
কোন্ সে উপস্থাপন?
জীবন-৬৫
বৃষ্টি ঝরে জীবন ঝরে পড়ে,
চাঁদের আলো ঝরে মাথার পরে।
সূর্য শীতের – জীবন ডেকে আনে,
পাখি – জীবনকথা বলে কানে।
বৃক্ষ সবুজ দিয়ে জীবন ছড়ায়,
বাতাস এসে সৌরভেতে ভরায়।
নদী জীবন বুকে বয়ে চলে,
সাগর ঢেউয়ে জীবন্তিকা বলে।
চারদিকেতে জীবন প্রবাহিত,
জীবন সবার সারিয়ে তোলে ক্ষত!
জীবন-৬৬
যায় হারিয়ে জীবন কেবল
যায় ফুরিয়ে আয়ু,
তবু সবাই বাঁচতে যে চায়
টানতে যে চায় বায়ু।
যায় পালিয়ে জীবন শুধু
যায় ভেগে যায় দূরে,
তবু সবাই গড়তে যে চায়
জীবন ভরে – সুরে!
জীবন চলে গেলেও
জীবন থাকে,
জীবন মিশে থাকে
নদীর বাঁকে!
জীবন-৬৭
জীবন যদি যন্ত্রণা হয়
যন্ত্রণাটাই ভালো,
জীবন যদি দুঃখই দেয়
তাও খুঁজে পাই আলো।
জীবন যদি গঞ্জনা দেয়
তবু ভালো বলি,
জীবন যদি ত্যাজ্য করে
খুশিতে পথ চলি।
জীবন যদি কষ্ট জাগায়
কষ্ট ভালবাসি,
জীবন যদি কান্না শোনায়
তবু মুখে হাসি।
জীবন যদি বঞ্চনাতে
হতাশা ছড়ায়,
জীবন যদি লাঞ্ছনাতে
সম্মান হারায়,
জীবন যদি এমন করে
তবু জীবন বেশ,
জীবন যদি নিঠুর এতো
তবু সুখের রেশ!
জীবন-৬৮
জীবন বলি কাকে?
দুঃখ-শোকে
হাসতে থাকা মাকে?
জীবন কাকে বলি?
মুক্তস্বাধীন দেশের জন্য
প্রাণ দেয় যে বলী?
জীবন তবে কোন্টি?
ভাইয়ের জন্য
রক্তদেয়া বোনটি?
জীবন কাকে বল্ব?
ভালোবাসায় আলোআশায়
সরল পথে চল্ব?
জীবন কাকে বলা?
সবাইকে এক সাথে নিয়ে-
আলোর রথে চলা?
জীবন-৬৯
জীবন কেবল যায় হারিয়ে-
পাই না খুঁজে দিশা তার,
কেবল খুঁজি এদিকসেদিক-
তাকে খুঁজে পাওয়া ভার।
জীবন কোথায় –
কই হারালো খুঁজি সারাক্ষণ,
জীবন তবু যায় লুকিয়ে-
এ কী অলুক্ষণ!
জীবন হারায় জীবন ফুরায়
জীবন নিরুদ্দেশ,
তবু তারই জন্যে সবার
কতো হাপিত্যেশ!
জীবন-৭০
এক জীবনের কথা আমি
বলবো কতো আর,
আর কতোদিন চলবে বলো
জীবন-সমাচার!
জীবন-কথা বলার পালা
শেষ হবে যে কবে,
জীবন সবাই করবো ধারণ
আপন অনুভবে!
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




