জীবন-৭১
জীবন কেমন
তার ঠিকানা কে রাখে,
খুঁজে খুঁজেই যায় দিন।
মরণ এসে ভুল ঠিকানা
যায় বলে,
যাই যে সঙ্গীহীন।
তবু জীবন
ছাড়তে যে মন চায় না,
কেবল ধরে বায়না।
যেতে গিয়েও
দাঁড়িয়ে থাকে পথে,
হয় না কেল্লা ফতে!
জীবন-৭২
জীবন দিলো যারা – জীবন
তারা পেল সত্যি,
অন্য সবাই বন্য সবাই
খাইখাই – ঠিক দত্যি।
স্বার্থ নিয়ে তুচ্ছ অতি
চলে মারামারি,
অর্থ নিয়ে বিত্ত নিয়ে
চলে কাড়াকাড়ি।
কুয়োর ব্যাঙের মতো জীবন
সবাই করে যাপন,
রাজনীতিতে
এক নীতিতে –
কেবল প্রতিস্থাপন।
সামান্যসব কারণ নিয়ে
ঝগড়া চলে – লড়াই,
মানুষ নামের শ্রেষ্ঠ জীবের
আবার করে বড়াই।
এ কী জীবন –
জীবন নামের
এক যে প্রহসন,
এমনিভাবে চলে যে দিন
চলে প্রতিক্ষণ!
জীবন-৭৩
জীবনকে বলি ও জীবন,
সাথে সাথে থেকো আজীবন।
জীবন তো কথা শোনে না,
আমাকে কখোনো গোণে না।
জীবন আপন নিয়মে,
যায় চলে মিউ-জিয়মে!
জীবন-৭৪
জীবন হলো
দোলনা থেকে কবর,
জীবন হলো
রাত আটটার খবর।
জীবন হলো
শেষ না হওয়া স্বপন,
জীবন হলো
মাটিতে বীজ বপন।
জীবন হলো
অপার সম্ভাবনা,
জীবন হলো
রাতে আলোর কণা।
জীবন হলো
বৃষ্টিভেজা রাত,
জীবন হলো
জোছনারই প্রপাত!
জীবন-৭৫
জীবন বাঁচে যখন চাষি
ফলায় ধান,
জীবন বাঁচে হাসন রাজা
গাইলে গান।
জীবন বাঁচে
গাছের দেয়া বাতাসে,
জীবন বাঁচে
যখনি কয় কথা সে।
জীবন বাঁচে মাঝি যখন
নৌকা বায়,
জীবন বাঁচে ঢেঁকি যখন
নাচে পায়।
জীবন বাঁচে
নদীর মিঠে পানিতে,
জীবন বাঁচে
মুক্ত-স্বাধীন শোণিতে।
জীবন বাঁচে বস্তি-পথে-
ফুটপাতে,
জীবন বাঁচে রাজপ্রাসাদে
দুধভাতে।
জীবন বাঁচে কোনোমতে –
বাঁচে না,
জীবন বাঁচে –
মনময়ূরী নাচে না!
জীবন-৭৬
এক জীবনে
হয় নাতো শেষ সব কাজ,
জীবন এতো ছোট।
দ্রুত চলে যায় যে সময়গুলো,
সচল হয়ে ওঠ!
আক্ষেপ আর হতাশাতেই
জীবন অবসান,
তবু তো গাই
জীবন-জয়গান!
জীবন-৭৭
জীবন চলে নিজ গতিতে
থামাথামির নাম নেই,
থেমে গেলেই জীবন হারায়
সেই জীবনের দাম নেই।
জীবন চলে কেবল শুধু
একটুও সে স্থির নয়,
গতির মাঝেই রয় সে বেঁচে
খুব দ্রুত সে – ধীর নয়!
জীবন-৭৮
দূর পাহাড়ের গল্প শুনি
জীবন তোমার কাছে,
নীলসাগরের স্নিগ্ধ ছোঁয়া
জীবন তোমার আছে।
তেপান্তরের মাঠের কথা
জীবন যে যায় বলে,
জীবন শোনায় জটিল কথা
গল্প বলার ছলে!
জীবন বলে কাব্যকথা
জীবন যে গায় গান,
জীবন আমার জীবন তোমার
এক দেহ-এক প্রাণ!
জীবন-৭৯
খবর পেলাম দুই রাজাকার
ধরা পড়েছে,
ওদের নাকি জামগাছেতে
বেঁধে রেখেছে।
দেখি দেখি কোথায় ওরা-
আরে এতো মানুষ,
ভেবেছিলাম দত্যি-দানো
রঙচঙে এক ফানুস!
শাস্তি ওদের কী দেয়া যায়
চলছিল এই জল্পনা,
কেউ বলে কান-কেউ বলে নাক-
কাটাকাটির কল্পনা!
অবশেষে দেয়া হলো তাদের
স্পেশাল শাস্তি,
পাকা ফসল যাচ্ছে পচে
কাটবে ওরা – মাস্তি!
দু’দিন ধরে কাটল দু’জন
ফসল সব,
অভিনব শাস্তি তো নয়
এক উৎসব!
জীবন এমন হয়
কখনো অদ্ভুত,
রাজাকারও মানুষ
তবে – অচ্ছ্যুত!
জীবন-৮০
যুদ্ধজয়ের
পরের কথা বলছি,
আমি তখন
ফোরের পথে চলছি।
জীবন তখন
শান্ত বয়ে চলছে,
এমন সময়
দুই বালকে খেলছে।
খেলতে গিয়ে
পেলো যে এক দণ্ড,
ডাংগুলিতে খুব ভাল –
কী কাণ্ড!
ছিল সেটা
আসলে এক বোমা,
যখন খেলে
ফিরলো ঘরে – ওমা!
দেখে পিঠা বানাচ্ছে মা
বসে বাবা-পোলায়,
চুলার সাপোর্ট ভাঙল মা তাই
বোমা দিলো চুলায়!
খানিক পরেই
ফাটলো সেটা হঠাৎ,
এক নিমেষেই
সাতটি জীবনপ্রপাত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




