১১৭.
শ্রীলংকা তো জানত না আর
স্যামুয়েলসের ঝাঁঝ,
গেইলে খেইল না দেখালেও
চ্যাম্পিয়ন আজ!
১১৮.
কালো বিড়াল কালো বিড়াল
কালো বিড়াল কে?
রঙ যা-ই হোক ওর গলাতে
ঘণ্টা বাঁধবে কে?
১১৯.
বিড়াল ছিল থলের ভেতর
বাইরে আনলো কে?
টাকার বস্তা দিয়ে হঠাৎ
বিড়াল কিনলো কে?
১২০.
বিড়াল বিড়াল কালো বিড়াল
করবি কি মিঁউ মিঁউ?
না কি নখর-দন্ত নিয়ে
হবি – হালুম কেউ?
১২১.
কুঝিকঝিক কুঝিকঝিক
রেল ছুটেছে অই,
রেল চলেছে রেল চলেছে
রেল-মন্ত্রী কই?
১২২.
রেলমন্ত্রী নিয়োগ নিয়ে
ব্যস্ত কেনো ভাই?
বস্তা টাকার তার বাড়িতে
কেনো যেতে নাই?
১২৩.
রেলমন্ত্রী - ষড়যন্ত্রী?
পরিস্থিতির শিকার?
রেল চলেছে ফেল করেছে
ব্রেক – নেই তো বিকার!
১২৪.
হলমার্ক ফুলমার্ক পেয়ে পাশ,
তানভীর সবাইকে দিল বাঁশ।
সোনালীর ছিল যতো এ জি এম,
কর্লো কী অঘটন – পাজি – শেম্!
১২৫.
পাবলিক করে লিক সব ষড়যন্ত্র,
মন্ত্রী ও সচিবেরা তবু পড়ে মন্ত্র।
তানভীর তাই বীর ঘুরছিল দাপটে,
আপাতত ধরা খেয়ে বন্ধ যে কপাটে!
১২৬.
তবু তার চাপাবাজি কি ভীষণ-ভয়ানক,
হলমার্ক ফুলমার্ক – নয় কোনো প্রতারক!
দুর্নীতি নীতি আজ নীতিহীন দেশে,
দূরে গেছে সব নীতি মুসাফির বেশে!
১২৭.
সুনীতির কথা আর শোনে নাতো কেউ,
‘দুর্নীতি’ জপ করে দুধশিশু – সেও।
নীতিবান ভীত আজ কথা নেই মুখে,
নৈতিক পরাজয়ে চুপ থাকে দুখে!
১২৮.
নেতাদের নীতিমালা – তাও দুর্নীতি,
চামচারা তাই চায় তাই এতো প্রীতি।
নেতিয়ে গেছে তো তাই নীতির বড়াই,
চলুন সবাই মিলে পাঁকেই গড়াই!
১২৯.
নীল ছুঁয়ে যাই আকাশ জুড়ে আজকে,
ভয় করি না ঈশান কোণের সাজকে।
দূর পাহাড়ের অই শিখরে ওঠতে চাই,
হরিণ পায়ে গহীন বনে ছুটতে চাই!
১৩০.
মাছের মতো সুনীল জলে কাটবো সাঁতার,
ভয় করি না হাঙর-কুমির-পিরান্হা আর।
মাঠের বুকে বাছুর হয়ে তিড়িংবিড়িং,
হতে যে চাই – প্রজাপতি-গঙ্গাফড়িং!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




