১৩৩.
অবশেষে দিল ধরা তানভীর,
হলমার্ক ফেলমার্ক – যান্ বীর!
করেছিল কতশত উক্তি,
ব্যাঙ্কে সে পায় কত ভক্তি!
১৩৪.
তানভীর – সম্পদ বেশুমার,
দুদকের সাধ্য কি ছোঁয় আর।
ধরা দিলে যায় পাওয়া নইলে,
কচুকাটা - ঠিক কথা কইলে!
১৩৫.
ছাত্ররা সব করছে কলরব,
পাঠ চলছে নীরব এবং সরব।
শব্দার্থ ও উচ্চারণের চর্চা,
হচ্ছে কেবল সময়েরই খর্চা!
১৩৬.
ব্যক্তি এবং দলগত কাজ,
হচ্ছে নাতো – কেবল কারুকাজ।
বাড়ির কাজে তাই সমাপ্তি পাঠের,
ব্ল্যাকবোর্ড আর ডাস্টারটা কাঠের!
১৩৭.
ক্লাস জুড়ে খেলা চলে খেলা,
কেউ খেলে টোকাটুকি কেউ ভুভুজেলা।
কাগজের গায়ে করে আঁকাআঁকি,
কেউ বা উদাস চোখে ক্লাস দেয় ফাঁকি!
১৩৮.
মনোযোগ নাই এই রোগ সকলের,
ক্লাসের বারোটা – খেলা সিট দখলের।
হাতাহাতি-চিমটিও চলে সাথে সাথে,
কেউ তাতে হারে আর কেউ তাতে জেতে!
১৩৯.
জিলাস্কুল পুকুরেতে মাছ দেয় লাফ,
বড় বড় তাজা তাজা – মোটে নয় ব্লাফ।
জাল টানে জেলেরা – মাছে দেয় ঘাই,
ভেবেছিল আছে কিছু এতো বেশি নাই!
১৪০.
পুকুরের চারপাশে দর্শক সব,
দেখে সবে এতো মাছ – যেন উৎসব।
মাছেদের সার্কাস দেখতে যে ভিড়,
একসাথে ধরা পড়ে দুব্লা ও বীর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




