164.
আকাশ কেন অমন করে
নীল ছড়ায়,
মেঘের বুকে চাঁদের আলো
হায় গড়ায়।
পাখির ডাকে গানের সুরে
যাই ভেসে,
নদীর জলে যাই হারিয়ে
দূর দেশে!
165.
যায় হারিয়ে সুবর্ণগ্রাম
উধাও যে হয় পাখি,
ভোরের আলোয়
ঘুম ভাঙাতে-
কই সে ডাকাডাকি?
কই হারালো নদী আমার
কোথায় হিজল গাছ,
গোয়ালভরা গরু তো নেই
পুকুরভরা মাছ!
166.
মন যে বড় যন্ত্রণা দেয়
মনকে বলি মনরে,
তুই বিবাগী তোর খুঁজে তাই
কাটাই নিশিদিনরে।
দিনটা কাটাই আশাহত
রাত তো কাটে আর না,
কেবল ঝরে কষ্টপ্রহর
নষ্টসময় ঝরনা!
167.
চাঁদ ডেকে যায় জোছনা বিলায়
আকাশভরা সাগর,
জোছনা ঝরে আমার ঘরে
সুবাস ছড়ায় টগর।
বাতাস ডাকে বারান্দাতে
জোছনা ফুলের খেলা,
গাছের সিনান দুচোখ ভরে
দেখতে জমে মেলা।
ডাকাডাকির এতো পালা
ঘুমাই আমি ঘরে,
অই জোছনা অই বাতাসে
মন যে কেমন করে!
১৬৮.
দিন কাটে না গড়িয়ে যায়
রাত কাটে না ফুরায়,
সময়তো যায় দুরন্ত পায়
কেউ যদি হাত বাড়ায়।
হাত বাড়ালে হঠাৎ করেই
বন্ধুতা হয় তৈরি,
সময় তখন আর থাকে না বৈরি!
১৬৯.
পাহাড় কেমন অচল হয়ে
দাঁড়িয়ে থাকে,
সাগর কেমন ঢেউ অফুরান
বাড়িয়ে ডাকে।
তুমি তো নও
অচলপাহাড়-শান্তসাগর,
তবু কেনো দেয় না সাড়া
আঁখি-ডাগর!
১৭০.
নদীর বুকে মাছের খেলা
ঢেউ ভেসে যায় দূরে,
বাতাস যেন ডাক দিয়ে যায়
দূর গহীনের সুরে।
মাঝির গলায় যে গান বাজে
সে গান শুনে হায়,
দূর আকাশের স্বপ্ন আমার
যায় হারিয়ে যায়!
১৭১.
নীল আকাশে সূর্য হাসে
মিষ্টি আলো ছড়ায়,
চাঁদের বুড়ি রাতবিরেতে
মেঘের ভেলায় গড়ায়।
তারারা সব ছন্নছাড়া
এদিক সেদিক জ্বলে,
বাতাস যেন পথ ভুলে যায়
কোনদিকে যায় চলে।
আকাশ তবু ঠায় দাঁড়িয়ে
কোন্ বেদনায় নীল,
তোমার শোকে সে কি নীরব
স্বর্ণডানার চিল!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




