.....ছোট বেলার কথা। কোনও এক শীতের সকালে ইবু জ্যাঠার পাকের ঘরটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল একদম। কন কনে আগুনের কয়লা জ্বল জ্বল করছে।
জ্যাঠি মা মাথায় হাত দিয়ে বসে আছেন।
ইবু জ্যাঠার ছোট ভাই'র বউ কয়েকজনকে সাথে নিয়ে আগুন পোহাতে চলে এলেন।
...আর আমরা ক'জন হাতে করে "গোল আলু" নিয়ে হাজির হলাম। ঐ ঘর-পোড়া আগুনে আলু পুড়ে খাবো বলে।....
ইবু জ্যাঠার বউ আমাদের দেখে বললেন- "আলু দিয়া কি করবি?"
"জ্বি পুড়াইয়া খামু"
জ্যাঠি মা কাছে এসে ঠাস করে গালে চড় কষে বললেন- "ঘর পোড়ার মইধ্যে আলু পোড়া খাইতে আইছ হে? বদমাশ জানি কোনহানকার। যা ভাগ ইহান তোন।"
আমার বন্ধু সবুজ এক সাঁঝি নতুন ধান নিয়ে এলো।
জ্যাঠি মা ধমক দিয়ে বললেন- "ধান আনছত ক্যান? কি করবি?"
"জ্যাঠি মা, খই ভাইজা খামু।"
জ্যাঠি মা সবুজের গালেও অনুরূপ চড় বসিয়ে দিয়ে বললেন- "আমার ঘর পোড়ছে হেই দু্ক্কে বাচি না, তুই আইছত খই ভাইজা খাইতে?"
.....এটাই বাস্তবতা। কারও ঘর পোড়ে, কেউ তাতে আগুন পোহায়, কেউ আলু পোড়া খাইতে যায়, আর কেউ বা সেই আগুনে খই ভেজে খেতে চায়।...
....গল্পটি আজ কেন লিখলাম, সে কথা আপনাদের বলবো না। বুদ্ধিমান পাঠককে সব কথা খুলে বলতে হয় না।....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





